তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার শীর্ষক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার: চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে এক বক্তা।
তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার: চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে এক বক্তা।

বর্তমানে বিশ্বের প্রায় ৩৫ কোটি লোক বর্তমানে বাংলা ভাষায় কথা বলে। কিন্তু ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার ও প্রয়োগ এখনো সর্বজনীন নয়। এ জন্য সরকার, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদ ও ভাষাবিদদের একযোগে কাজ করা প্রয়োজন। ‘তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। আজ মঙ্গলবার রাজধানীর আইসিটি টাওয়ারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে সরকারের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প।

সারা দিনের মোট তিনটি সেশনে সারা দেশের গবেষক, ভাষাবিদ ও কম্পিউটার প্রকৌশলীগণ তাদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন। সকালে সেমিনারের উদ্বোধন করেন সংসদ সদস্য ও কবি কাজী রোজী। এ সময় তিনি তথ্যপ্রযুক্তির জগতে বাংলাভাষাকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরবর্তী দুইটি কারিগরি সেশন সঞ্চালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার। দুই সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, বিসিসির সাবেক নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দানীউল হক এবং শাবিপ্রবির সহকারী অধ্যাপক সামির ইসমাইল।

আয়োজকেরা জানান, এ প্রকল্পের আওতায় মোট ১৬টি টুলস উন্নয়ন করা হবে। এগুলো হচ্ছে—বাংলা করপাস, বাংলা ওসিআর, বাংলা স্পিচ টু টেক্সট, জাতীয় কি-বোর্ডের আধুনিকায়ন, বাংলা স্টাইল গাইড উন্নয়ন, বাংলা ফন্টের ইন্টার অপারেবিলিটি ইঞ্জিন, বাংলা বানান ও ব্যাকরণ পরীক্ষক, বাংলা মেশিন ট্রান্সলেটর উন্নয়ন, স্ক্রিন রিডার সফটওয়্যার প্রভৃতি। সেমিনার পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।