তথ্য সংরক্ষণে গুগল আনছে ‘জি ড্রাইভ’
ক্লাউডভিত্তিক একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে গুগল। গুগল অনলাইনে তথ্য জমা রাখার এ সার্ভিসটির নাম হবে ‘জি ড্রাইভ’। ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। যেভাবে কম্পিউটারের হার্ড ড্রাইভে তথ্য সংরক্ষিত থাকে, গুগলের অনলাইন স্টোরেজ সার্ভিসটিতেও সেভাবেই জমা রাখা যাবে তথ্য। বড় আকারের ফাইলও সংরক্ষণ করা যাবে গুগলের অনলাইন এই সার্ভিসটিতে। গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের বিনা মূল্যেই এ সার্ভিসটি ব্যবহারের সুযোগ দেবে গুগল। ভিডিওসহ বিভিন্ন তথ্য ‘জি ড্রাইভে’ রাখার সুযোগ দেবে গুগল। এ সার্ভিসটি বিনা মূল্যের হলেও তথ্য বেশি হলে স্থান বাড়িয়ে নেওয়ার জন্য গুনতে হবে অর্থ। উল্লেখ্য, বর্তমানে ‘গুগল ডকস’ নামে তথ্য জমা রাখার একটি সার্ভিস রয়েছে গুগলের। সেখানে ১ গিগাবাইট পর্যন্ত তথ্য রাখার সুযোগ দেয় গুগল। তবে এ সার্ভিসটি তেমন জনপ্রিয় নয়। ‘জি ড্রাইভ’ সার্ভিসটি জনপ্রিয় ক্লাউড সার্ভিস ড্রপবক্সের বিকল্প হবে বলেই গুগল কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল। তবে কবে নাগাদ এ সার্ভিসটি চালু হবে, সে বিষয়ে কোনো কিছু জানাননি গুগলের কর্মকর্তারা।