তথ্য-সমাজ শীর্ষ সম্মেলনের ফলোআপ সভা শুরু
জাতিসংঘের জেনেভা (২০০৩) ও তিউনিস (২০০৫) তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র ও কর্মকৌশল বাস্তবায়ন নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী মধ্যবর্তী ফলোআপ সভা। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই সভার প্রথম পর্ব হচ্ছে আইটিইউর (আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন) উদ্যোগে এবং দ্বিতীয় পর্ব হবে জাতিসংঘের মূল ভবনে ২৩ থেকে ২৭ মে শীর্ষ সম্মেলনের ফলোআপ তদারকি সংস্থা আঙ্কটাডের উদ্যোগে। জাতিসংগের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিসহ প্রায় ৩০০ তথ্যপ্রযুক্তিবিদ এতে যোগ দিচ্ছেন।প্রথম পর্বের উদ্বোধনী সভায় আইটিইউর মহাসচিব হামাদোন থোরে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশগুলোর অগ্রগতি প্রশংসনীয় বলে মন্তব্য করে বলেন, ডিজিটাল বৈষম্য দূরীকরণে উন্নয়নশীল দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কাজ করলেও দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলোর কারিগরি সহায়তা ব্যয়সাশ্রয়ী নয়। এই ব্যয়-আধিক্যের কারণে বিশেষ করে ইন্টারনেট সংযোগব্যবস্থা এখনো অনেক দেশে উচ্চগতির সংযোগের বাইরে রয়ে গেছে। ভালো গতির ইন্টারনেট ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের কোনো উন্নয়নই সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।উদ্বোধনী সভায় আরও বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাসচিব জোয়ান সোমাভিয়া, আঙ্কটাড মহাসচিব সুপাচি পানিতছপাকদি, ইউনেসকোর উপপ্রধান জেনিস কারক্লিন্স, ইন্টেল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিস ও এনজিও সমন্বয়ক সংস্থা কঙ্গোর প্রধান সিরিল রিচি।বাংলাদেশের বিজ্ঞান এবংতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম পর্বের এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। কাল উদ্বোধনী সভায় উচ্চপর্যায়ের বিশেষ অধিবেশনে বাংলাদেশের মন্ত্রীসহ ফিনল্যান্ড, ভারত, ঘানা, আফগানিস্তান, বুরুন্ডি, পোল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, আজারবাইজানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীরা বক্তব্য দেন। বাংলাদেশের প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমে তাঁর সরকারের অগ্রগতি তুলে ধরেন।আগামী পাঁচ দিনের কর্মসূচিতে বাংলাদেশসহ মোট ২৪টি দেশের বিশেষ অধিবেশন হবে। তা ছাড়া অনুষ্ঠিত হবে তথ্য-সমাজ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র ও কর্মকৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার মোট ১২২টি সেশন। ১৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইটিইউ আয়োজিত ই-হেলথ শীর্ষক সেশনে বাংলাদেশের আমাদের গ্রাম পরিচালিত স্তন ক্যানসার কার্যক্রম উপস্থাপিত হবে। —রেজা সেলিম জেনেভা (সুইজারল্যান্ড) থেকে