তথ্য স্থানান্তর গতির বিশ্ব রেকর্ড

সম্প্রতি ডেনমার্কের গবেষকেরা প্রতি সেকেন্ডে ৪৩ টেরাবিটস তথ্য স্থানান্তর করতে সক্ষম হয়েছেন। একাজে নতুন ধরনের অপটিক্যাল ফাইবার ব্যবহার করেছেন তাঁরা। ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির (ডিটিইউ) গবেষকেরা দাবি করেছেন, বিশেষ এক ধরনের অপটিক্যাল ফাইবারের সাহায্যে তথ্য স্থানান্তরের এই বিশ্বরেকর্ড করা সম্ভব হয়েছে। এক খবরে জানিয়েছে পিটিআই।
এর আগে জার্মানির কার্লসরুয়ে ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা ৩২ টেরাবিটস পর্যন্ত তথ্য স্থানান্তরে রেকর্ড গড়েছিলেন। এবারে প্রচলিত এক কোরের গ্লাস থ্রেডে তৈরি অপটিক্যাল ফাইবারের পরিবর্তে জাপানের টেলিকম প্রতিষ্ঠান এনটিটির তৈরি সাত কোর গ্লাস থ্রেডে তৈরি অপটিক্যাল ফাইবার ব্যবহার করে এই রেকর্ড গড়েছেন তাঁরা। এই অপটিক্যাল ফাইবারে বেশি কোর থাকলেও প্রচলিত ফাইবারের তুলনায় খুব বেশি জায়গা লাগে না।
গবেষকেরা দাবি করেছেন, দ্রুতগতিতে তথ্য স্থানান্তরে তাঁদের এই গবেষণা ইন্টারনেট ট্রাফিক বেড়ে গেলেও তথ্য স্থানান্তরে গতি যাতে না কমে সে ধরনের প্রযুক্তি উদ্ভাবনে কাজে আসবে। গবেষকেরা দাবি করেছেন, ইন্টারনেট ট্রাফিক প্রতি বছর ৪০-৫০ শতাংশ হারে বাড়ছে। এ চাহিদা পূরণে তথ্য স্থানান্তরের গতিও বাড়ানো দরকার।
গবেষকেরা দাবি করেছেন, তাঁদের এই গবেষণার বিষয়টি ইতিমধ্যে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছেন। এই জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত লেজারস অ্যান্ড ইলেকট্রো-অপটিকস(সিএলইও) সম্মেলনে এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে।