তথ্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন অ্যারন সোয়ার্জ
ইন্টারনেটে অবাধ ও মুক্ত তথ্যের পক্ষে কাজ করেছেন অ্যারন সোয়ার্জ। ফ্রিডম অফ ইনফরমেশন বা তথ্য স্বাধীনতার পক্ষে কাজ করায় ২০১৩ সালের জেমস ম্যাডিসন অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি।তথ্য স্বাধীনতার কর্মী অ্যারন সোয়ার্জ আজ বেঁচে নেই। চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের ঘরে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছিল। প্রযুক্তি-বিশ্বকে নাড়িয়ে দিয়ে গেছে ২৬ বছর বয়সী ‘ইন্টারনেট অ্যাকটিভিস্ট’ অ্যারন সোয়ার্জের এই ‘আত্মহত্যা’।মৃত্যুর সময় এমআইটির ডিজিটাল আর্কাইভ হ্যাক করে বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদন ডাউনলোডের অভিযোগে বিচারাধীন ছিলেন সোয়ার্জ। তবে এই অভিযোগ কখনোই স্বীকার করেননি সোয়ার্জ।মাত্র ১২ বছর বয়স থেকেই কম্পিউটারে দক্ষ হয়ে উঠেছিলেন অ্যারন। একটি ওয়েবসাইট প্রতিষ্ঠার জন্য ‘আর্সডিজিটা প্রাইজ’ পেয়েছিলেন। ইন্টারনেটে ব্লগপোস্ট সঞ্চালনের স্বয়ংক্রিয় ব্যবস্থা আরএসএস তৈরির কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ১৪ বছর বয়সে। একই বয়সে যোগ দিয়েছিলেন অধ্যাপক লরেন্স লেসিগের সঙ্গে, তাঁর ‘ক্রিয়েটিভ কমন্স’ নামের ইন্টারনেট সংস্থাটি গড়ে তোলার কাজে। ভীষণ জনপ্রিয় সামাজিক যোগাযোগভিত্তিক সংবাদসাইট ‘রেডিট’ প্রতিষ্ঠায় হাত লাগিয়েছিলেন তিনি। খুব অল্প বয়সে অনেক টাকা-পয়সা আসে তার হাতে, কিন্তু টাকার জন্য জীবনে তিনি কিছুই করেননি। তাঁর দাবি ছিল, ইন্টারনেটে তথ্য হতে হবে অবাধ। কিন্তু তাঁর উচ্চকণ্ঠ দমাতে তাঁকে মামলায় জড়ানো হয়েছিল। মাত্র ২৬ বছর বয়সেই ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তাঁকে।মুক্ত ইন্টারনেটের পক্ষের এই আন্দোলনকারীকে আগামীকাল শুক্রবার জেমস ম্যাডিসন পুরস্কার দেওয়া হচ্ছে। এ পুরস্কার গ্রহণ করবেন তাঁর পরিবার।১৯৮৬ সাল থেকে প্রতিবছর তথ্য অধিকার নিয়ে কাজ করায় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জেমস ম্যাডিসন পুরস্কার দেওয়া হয়।