তথ্যপ্রযুক্তি ও যুবসমাজের হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ নিয়েছিলেন কৃষি খামারি হবেন বলে। শুরুও করেছিলেন। অথচ হলেন জাপানি একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী। কুষ্টিয়ার তরুণ শফিকুল ইসলামের পরিবর্তনটাকে বিবর্তন বলা যায়। রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আ কা মু গিয়াস উদ্দীন মিল্কী মিলনায়তনে ২৪ জানুয়ারি ‘জাতীয় যুব অধিকার অ্যাসেম্বলি’-এর ‘তথ্যপ্রযুক্তি, সমৃদ্ধ বাংলাদেশ ও যুবসমাজ’ শীর্ষক অধিবেশনে নিজের জীবনের গল্প শোনান শফিকুল।
আলোচকদের মধ্যে আরও ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সক্ষমতা উন্নয়ন বিশেষজ্ঞ মানিক মাহমুদ এবং প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। এই অধিবেশন সঞ্চালনা করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপব্যবস্থাপনা পরিচালক জসীমউদ্দিন।
সমাবেশে এক প্রশ্নের উত্তরে মাহমুদুল হাসান বলেন, ‘আপনারা বলছেন চাকরি নেই। কিন্তু উপযুক্ত লোকের অভাবে পদ ফাঁকা থেকে যাচ্ছে। ডিগ্রি অর্জন করতে হবে, কিন্তু সবচেয়ে জরুরি হলো নিজেকে কাজের উপযুক্ত করে তৈরি করা।’
তথ্যপ্রযুক্তির সুফল পেতে হলে শুধু শহর না বরং বাংলাদেশের সব পর্যায়ে এর বাস্তবায়ন জরুরি। মানিক মাহমুদ বলেন সে কথাই। তিনি জানান, ‘বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে এটুআই কাজ করে যাচ্ছে।’
এবারের যুব সমাবেশ আয়োজনে সহযোগিতা করেছে ইউএস এইড, বাংলাদেশে ডেনমার্ক দূতাবাস, ওয়েভ ফাউন্ডেশন এবং কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল। দুই দিনের এই সমাবেশ শেষ হয় ২৫ জানুয়ারি। মেহেদী হাসান