তথ্যপ্রযুক্তি কার্যকর ব্যবস্থাপনায় সহায়ক
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ করার প্রতি গুরুত্ব দিতে হবে। ডিজিটাল উপায়ে তথ্য আদান-প্রদান করার বিষয়টি নিশ্চিত করতে হবে। গ্রাম পর্যায়ে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এর জ্ঞান ছড়িয়ে দিতে হবে ও সামাজিক সচেতনতা বাড়াতে তথ্যপ্রযুক্তির সাহায্য নিতে হবে। গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে ডিনেটের আয়োজনে ও মাইক্রোসফট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ‘এনজিও কানেকশন ডে’-তে তথ্য কমিশনার সাদেকা হালিম এসব কথা বলেন।দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ৭০টি এনজিওর সঙ্গে তাদের প্রাতিষ্ঠানিক কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার করার বিষয়ে আলোচনা করেন দেশি-বিদেশি বিভিন্ন বক্তা। অনুষ্ঠানে ভারতের ন্যাসকম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রিতা নাগিন্দাস তাঁর দেশের বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে বলেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজকে সহজ করেছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি কার্যকর ব্যবস্থাপনায় সহায়ক বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে মাইক্রোসফট ইন্ডিয়ার মানজু দাসমান বলেন, মাইক্রোসফট সব সময় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে তথ্যপ্রযুক্তি ছড়িয়ে দিতে কাজ করছে। এ দেশের বিভিন্ন এনজিওর প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করতে মাইক্রোসফট আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি জানান। ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান প্রথম আলোকে জানান, এনজিও কানেকশন ডের মাধ্যমে বিভিন্ন এনজিওর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত নানা ধরনের সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনা হচ্ছে। এরপর এখান থেকে সমস্যাগুলো সঠিকভাবে নির্ণয় করে এরপর প্রতিটি এনজিও থেকে দুজন করে প্রতিনিধিকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ফারজানা নাইম, ইউএনডিপি বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোরশেদ, এখুনি ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসানসহ আরও অনেকে বক্তৃতা করেন। —মোছাব্বের হোসেন