তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের নারীদের নতুন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি খাতে সংশ্লিষ্ট নারীদের সংগঠিত করে পেশাগত উন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যাত্রা শুরু করেছে নতুন ফোরাম। গতকাল বুধবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওমেন ইন আইটি (বিডব্লিউআইটি) নামের এ ফোরামের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুরাইয়া পারভীন, মাইক্রোসফটের সাউথ ইস্ট এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক সোনিয়া বাশার কবির, আপলোড ইউরসেলফ লিমিটেডের প্রধান নির্বাহী ফারহানা এ রহমানসহ সংগঠনের নেতারা। অনুষ্ঠানে নতুন এ সংগঠনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, মিলেনিয়াম ইনফরমেশন সিস্টেমের ফখরুজ্জামানসহ অনেকে। অনুষ্ঠানে ফোরামের উদ্দেশ্য, লক্ষ্য, করণীয় তুলে ধরেন স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের পরিচালক ও সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ানা খান। অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ ফোরামের মাধ্যমে কারিগরিভাবে দক্ষ নারীদের সংগঠিত করে এগিয়ে যাওয়ার ব্যাপারে সহায়তা করা হবে। সংগঠনে তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট নারীরা যোগ দিতে পারবেন। বিস্তারিত জানা যাবে সংগঠনের ওয়েবসাইট www.bwit-bd.com-এ। —নুরুন্নবী চৌধুরী