তথ্যপ্রযুক্তি খাত অগ্রাধিকার পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের তিন সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) যৌথভাবে বাজেট-পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি মাহবুব জামান ও আইএসপিএবি সভাপতি আক্তারুজ্জামান। বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়িত করতে নির্দিষ্টভাবে তথ্যপ্রযুক্তি খাত বাজেটে অগ্রাধিকার পায়নি।এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের সব ধরনের শুল্ক, ভ্যাট ও কর-সংক্রান্ত বিষয়গুলোর ওপর স্থিতাবস্থা রয়েছে। তথ্যপ্রযুক্তি নীতিমালার কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের বর্তমান কার্যক্রম আরও দ্রুত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা নেই বাজেটে। তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবগুলোও তেমন বিবেচিত হয়নি বাজেটে বলেবক্তারা উল্লেখ করেন। এ ছাড়া হাইটেক পার্ক, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও দ্বিতীয় সাবমেরিন কেব্ল স্থাপনের জন্য বাজেটে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ নেই, তথ্যপ্রযুক্তি নীতিমালা অনুযায়ী এডিপির পাঁচ শতাংশ এবং রাজস্ব দুই শতাংশ দেওয়ার কথা উল্লেখ নেই। নেই এ খাতের উন্নয়নে বরাদ্দ করা ৭০০ কোটি টাকার কথাও। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) খাতে বরাদ্দ করা অর্থ তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট সেবা খাতগুলোয় অন্তর্ভুক্ত করা, ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম ১৮ হাজার থেকে কমিয়ে সাত হাজার টাকা করা, ই-কমার্স ও ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট প্রত্যাহার ও শিক্ষা খাতে প্রযুক্তি সেবা বাড়াতে কম্পিউটার ও ল্যাব স্থাপন কার্যক্রম বাড়ানো প্রয়োজন বলেতাঁরা মনে করেন। সম্মেলনে তিন সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর পরে বাজেট প্রস্তাব নিয়ে এ তিন সংগঠন আরও বিস্তারিত আলোচনা করবে বলে সম্মেলনে জানানো হয়। —নুরুন্নবী চৌধুরী