দেশীয় তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে নেদারল্যান্ডস ও বাংলাদেশের যৌথ উদ্যোগে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। বিদেশি বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও তথ্যপ্রযুক্তিতে কাজের সুযোগ বৃদ্ধিই মূল পরিকল্পনার উদ্দেশ্য। গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগ: বাস্তব তথ্য ও প্রধান ক্ষেত্র’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারের উদ্বোধন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘গবেষণা প্রতিষ্ঠান গার্টনার তথ্যপ্রযুক্তি সেবায় বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ৩০টি দেশের অন্যতম বলে চিহ্নিত করেছে। তথ্যপ্রযুক্তি খাত আমাদের জন্য অনেক সম্ভাবনার, আছে পর্যাপ্ত কাজের সুযোগ ও আগ্রহী জনশক্তি। এসব কাজে লাগিয়ে এই খাতকে আরও শক্তিশালী করতে বাড়াতে হবে বিদেশি বিনিয়োগ। সরকারি-বেসরকারি সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে গড়ে উঠবে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কাঠামো, সমৃদ্ধ হবে তথ্যপ্রযুক্তিশিল্প।’
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘দেশীয় বাণিজ্যের সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগে তথ্যপ্রযুক্তি শিল্পের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের শক্ত অবস্থান এখন স্বপ্ন নয়, বাস্তবতা। ইউরোপীয় কমিশন বলছে, আউটসোর্সিং কাজে বিশ্বের ২০টি সফল দেশের একটি হলো বাংলাদেশ।’
সেমিনারে আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ক্রিশ্চিয়ান রিবারগেন, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে।
সেমিনার শেষে বেসিস মিলনায়তনে নেদারল্যান্ডসের পাঁচটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন বাংলাদেশি উদ্যোক্তা ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে। এ কার্যক্রম ঢাকার কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে আজও চলবে। ডাচ ব্যবসায়ীদের সঙ্গে দেশের ৫০টি প্রতিষ্ঠান আলোচনা করছে।