
বহু প্রতীক্ষা ও নানা জটিলতার পর অবশেষে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) নিলাম হলো। এর ফলে দেশের চারটি মোবাইল ফোন অপারেটর থ্রিজি সেবা দিতে পারবে। এরা হলো গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল।সরকারি প্রতিষ্ঠান টেলিটক এই সেবা দিয়ে আসছে আরও প্রায় এক বছর আগে থেকে। আর দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল নিলামে অংশ না নেওয়ায় দ্বিতীয় প্রজন্মের (টুজি) মোবাইল প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে তারা।থ্রিজির জন্য দেশের টেলিযোগাযোগ খাতের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হলো গতকাল রোববার। নিলামে অংশ নিয়ে অপারেটর চারটি থ্রিজির জন্য সরকারের কাছ থেকে তরঙ্গ বরাদ্দ নিয়েছে। এর ফলে নভেম্বর থেকে শুরু করে আগামী বছরের প্রথম দিকেই সবাই থ্রিজি সেবা দিতে পারবে বলে জানা গেছে। থ্রিজি সেবা চালু হলে তথ্য আদান-প্রদানের গতি (ডেটা স্পিড) বাড়বে, ভিডিও কল করা যাবে এবং টিভিও দেখা যাবে। আর এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে আরেক ধাপ এগোল বাংলাদেশ।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রাজধানীর একটি হোটেলে এই নিলামের আয়োজন করে। নিলাম অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান সুনীলকান্তি বোস জানান, দেশের টেলিযোগাযোগ খাতের এটিই সবচেয়ে বড় নিলাম। ১৫ বছরের জন্য দেওয়া এই তরঙ্গ বরাদ্দ থেকে সরকার চার হাজার ৮১ কোটি টাকা আয় করবে। গ্রামীণফোন থেকে এক হাজার ৬৩২ কোটি টাকা এবং অন্য তিন অপারেটর থেকে সরকার পাবে ৮১৬ কোটি করে টাকা (প্রতি ডলার ধরা হয়েছে ৭৭ দশমিক ৭৫ টাকা)। থ্রিজি তরঙ্গ বরাদ্দের লাইসেন্স নিয়ে চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবাও দেওয়া যাবে। ফোরজির জন্য আলাদা লাইসেন্স নিতে হবে না বলেও উল্লেখ করেন তিনি। ফোরজি চালু হলে আরও দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়া যাবে। তখন মোবাইল সেট থেকে সিনেমাও দেখা সম্ভব হবে। মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিতে নিলাম ডেকেছিল বিটিআরসি। এ থেকে গ্রামীণফোন কিনছে ১০ মেগাহার্টজ। অন্য তিন কোম্পানি কিনছে পাঁচ মেগাহার্টজ করে মোট ১৫ মেগাহার্টজ। তবে বাকি ১৫ মেগাহার্টজ তরঙ্গ কেনার জন্য কেউ আগ্রহ দেখায়নি।
এর আগে নিলাম ছাড়াই পরীক্ষামূলকভাবে ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারি মালিকানাধীন কোম্পানি টেলিটক বাংলাদেশকে। গতকালের নিলামে টেলিটক উপস্থিত ছিল পর্যবেক্ষক হিসেবে, অংশগ্রহণকারী হিসেবে নয়।
তবে সূত্র জানায়, বিটিআরসির ধারণা ছিল পুরো ৪০ মেগাহার্টজ তরঙ্গই নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া সম্ভব হবে। এতে সরকারের আয় হবে প্রায় ছয় হাজার কোটি টাকা। কিন্তু শেষ নিলামে কেউ অংশ না নেওয়ায় বিটিআরসির আশা পূরণ হয়নি। জানা গেছে, নানা জটিলতায় বিটিআরসি থ্রিজির নিলাম করতে এতটাই দীর্ঘ সময় ব্যয় করেছে যে বাকি ১৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য এই মুহূর্তে কেউ আর আগ্রহ দেখায়নি। ভবিষ্যতে উন্নততর তরঙ্গ পাওয়ার আশায় আছে সবাই।
গতকালের নিলামে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুস ছাত্তার, টেলিযোগাযোগসচিব আবু বকর সিদ্দিক এবং চার অপারেটরের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সিটিসেল আগে থেকে সরে দাঁড়ানোর কারণে প্রতিদ্বন্দ্বিতার আমেজ ছিল কম। অনুষ্ঠান শুরুর আগে নিলামের গোটা প্রক্রিয়া নিয়ে একটি নিবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির পরামর্শক আবদুল্লাহ ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ছাড়াও নিলাম শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বলেন, দেশের সার্বিক উন্নয়নের অন্যতম উপাদান এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূল চালিকাশক্তি টেলিযোগাযোগ প্রযুক্তিনির্ভর তথ্য ও যোগাযোগব্যবস্থা। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে টেলিযোগাযোগ প্রযুক্তিসংশ্লিষ্ট যত সব উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হলো থ্রিজি। থ্রিজি চালু হলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। এতে গ্রাহক সহজেই ই-কমার্স, ই-ব্যাংকিং, ই-শিক্ষা, ই-স্বাস্থ্য, ই-গভর্ন্যান্স এবং টেলিসম্মেলনের মতো পরিষেবা গ্রহণ করতে পারবেন।
সুনীলকান্তি বোস আরও বলেন, থ্রিজি চালু হলে তথ্য যোগাযোগের প্রতিবন্ধকতা কেটে যাবে। আগামী নয় মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে থ্রিজি সেবা পৌঁছাতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো অপারেটর যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে ৫০ কোটি টাকা করে জরিমানা গুনতে হবে।
সার্কভুক্ত দেশের মধ্যে ভারত ও শ্রীলঙ্কার পরই থ্রিজি সেবার জন্য বাংলাদেশের নাম উচ্চারিত হবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাইলে কাল থেকেই যে কেউ প্রক্রিয়া শুরু করতে পারে। বিটিআরসির দিক থেকে প্রস্তুতির অভাব নেই। দাপ্তরিক কার্যক্রম শেষ করে থ্রিজি চালু করতে বড়জোর এক সপ্তাহ লাগবে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, নেপালে আগে থেকেই থ্রিজি চালু রয়েছে। এমনকি আফগানিস্তানেও ফোরজি রয়েছে। নানা জটিলতায় থ্রিজির জন্য দীর্ঘ সময় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তান শিগগিরই ফোরজির নিলাম করবে।
অপর এক প্রশ্নের জবাবে সুনীলকান্তি বোস বলেন, এয়ারটেলের গ্রাহক কম, তবে বাংলালিংকের যে পরিমাণ গ্রাহক রয়েছেন, মাত্র পাঁচ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে তারা গুণগত মানের সেবা দিতে পারবে না বলে তাঁর আশঙ্কা হয়। রবির ক্ষেত্রে একই রকম আশঙ্কা তাঁর। কোম্পানিগুলোর নিজেদের কারণেই অন্তত ১০ মেগাহার্টজ করে তরঙ্গ নেওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন।
নিলাম যেভাবে হলো: নিলামে পাঁচ মেগাহার্টজ করে আটটি ব্লক করা হয় এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় তিন পর্বে।
প্রথম পর্বে অংশ নিয়ে ১০ মেগাহার্টজের জন্য দুটি ব্লক কেনার কথা জানায় গ্রামীণফোন। দুই কোটি ডলার ভিত্তিমূল্য ধরা হলেও নিলামে প্রতি মেগাহার্টজের তরঙ্গ দর উঠে দুই কোটি ১০ লাখ ডলার। এই পর্বে গ্রামীণফোন ছাড়া অন্য কেউ অংশ নেয়নি। ফলে গ্রামীণফোনকে এই তরঙ্গ কিনতে হয়েছে ২১ কোটি ডলারে।
দ্বিতীয় পর্বে ভিত্তিমূল্য দুই কোটি ডলার থেকে বাড়িয়ে করা হয় দুই কোটি ১০ লাখ ডলার। এতে অংশ নিয়ে পাঁচ মেগাহার্টজ অর্থাৎ একটি ব্লক কিনবে বলে প্রথমে জানায় রবি। কিন্তু প্রতি মেগাহার্টজের নিলামমূল্য ওঠে প্রথম পর্বের গ্রামীণফোনের সমান অর্থাৎ দুই কোটি ১০ লাখ ডলার। তারপর এয়ারটেল এবং সবার শেষে বাংলালিংক প্রতি মেগাহার্টজ দুই কোটি ১০ কোটি ডলার দরে পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কিনবে ্বলে জানায়। নীতিমালা অনুযায়ী, ১৫ বছরের জন্য এই লাইসেন্স কার্যকর থাকবে।
বাকি ১৫ মেগাহার্টজের জন্য আয়োজন করা হয় তৃতীয় পর্ব। কিন্তু এতে কেউই আগ্রহ দেখায়নি।
প্রতিক্রিয়া: থ্রিজি নিলাম অনুষ্ঠিত হওয়ার পর চার মোবাইল অপারেটরই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। অনুষ্ঠান শেষে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ সাংবাদিকদের বলেন, ‘থ্রিজি চালুর জন্য ১০ মেগাহার্টজ তরঙ্গ লাভ করে আমরা আনন্দিত। যত দ্রুত সম্ভব গ্রাহকদের জন্য আমরা এই সেবা চালু করব।’ থিজ্রির উদ্যোগ গ্রহণ করায় সরকারের প্রতি এবং দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিবেক সুদ।
এক বিজ্ঞপ্তিতে রবির সিইও মাইকেল ক্যুনার বলেন, ‘থ্রিজি লাইসেন্স পেয়ে আমরা আনন্দিত। উদ্ভাবনী পণ্য ও সেবা দিয়ে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।’
বিজ্ঞপ্তিতে বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন, ‘থ্রিজি তরঙ্গের লাইসেন্স পাওয়ায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত, যাতে গ্রাহকদের প্রযুক্তিনির্ভর সেবা দিতে পারি।’
এয়ারটেল এক বিজ্ঞপ্তিতে জানায়, সুষ্ঠু এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিলাম পরিচালিত হয়েছে। বিশ্বমানের থ্রিজি নেটওয়ার্ক চালু করতে এয়ারটেল বদ্ধপরিকর।
গত ৩১ জুলাই পর্যন্ত বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার। এর মধ্যে গ্রামীণফোন চার কোটি ৪৬ লাখ ৬৬ হাজার, বাংলালিংক দুই কোটি ৭৩ লাখ ২৪ হাজার, রবি দুই কোটি ৩৭ লাখ ৭০ হাজার, এয়ারটেল ৭৮ লাখ ৯৭ হাজার, টেলিটক ১৯ লাখ ১৬ হাজার এবং সিটিসেলের গ্রাহক ১৩ লাখ ৬১ হাজার।
১৯৯১ সালে ফিনল্যান্ডে টুজি প্রযুক্তি শুরুর ১০ বছর পর ২০০১ সালে জাপানে প্রথম চালু হয় থ্রিজি। টুজিতে গুরুত্ব দেওয়া হয়েছিল ভয়েস আদান-প্রদানে। আর থ্রিজিতে গুরুত্ব দেওয়া হয় দ্রুততম সময়ে তথ্য বা ডেটা আদান-প্রদানে।