তথ্যপ্রযুক্তি খাতে ঋণসহায়ক নীতিমালা তৈরির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর সমন্বয়ে একটি কমিটি গঠন করে তথ্যপ্রযুক্তি খাতে ঋণসহায়ক নীতিমালা তৈরি করার সুপারিশ করেছে সংশ্লিষ্টরা। গতকাল বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কার্যক্রম বিভাগ এবং বেসিসের উদ্যোগে রাজধানীতে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিসেবা (আইটিইএস) খাতে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) ঋণ প্রদানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি গোলটেবিল বৈঠকে আলোচকেরা এই সুপারিশ করেন। খবর বিজ্ঞপ্তির। নীতিমালা তৈরির পাশাপাশি আরও দুটি সুপারিশ করা হয় বৈঠকে। এ সুপারিশ দুটি হলো, কোনো কোম্পানির ঋণপ্রস্তাব মূল্যায়নে বেসিস ব্যাংকগুলোকে পরামর্শ দেবে এবং বাংলাদেশ ব্যাংক একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করবে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। স্বাগত বক্তব্য দেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কার্যক্রম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সাহা চৌধুরী। বৈঠকে মূল প্রবন্ধ পড়েন বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম।আলোচনায় বক্তারা জানান, তথ্যপ্রযুক্তি খাতে কিছু কিছু এসএমই ঋণ প্রদান করা হলেও সফটওয়্যার ও আইটিইএস খাতে ঋণ দেওয়ার নজির খুবই নগণ্য (১ শতাংশেরও কম)। সরকারের অগ্রাধিকার খাত হিসেবে বিবেচিত সফটওয়্যার ও আইটি সার্ভিস খাত থেকে রপ্তানি আয় আগামী কয়েক বছরের মধ্যে ৫০ কোটি ডলারে উন্নীত করতে হলে একই পরিমাণ বা তার বেশি অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে। সফটওয়্যার শিল্প এখনো শিল্প হিসেবে বিবেচিত নয় এবং এ খাতে প্রধান বিনিয়োগ তথা দক্ষ জনশক্তি এবং অন্যান্য আনুষঙ্গিক বিনিয়োগ এবং সম্পদের মূল্য নির্ধারণের জন্য এখনো কোনো সঠিক নীতিমালা অনুসৃত হয় না। ফলে অধিকাংশ ক্ষেত্রেই সফটওয়্যার ও আইটিইএস খাতে এসএমই ঋণসুবিধা পাওয়া যায় না বলে বক্তারা উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশের ৩০টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।