তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার নিয়ে সেমিনার

তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে একটি সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) স্টুডেন্টস ফোরাম এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ইউল্যাবে ২৯ মে শুক্রবার অনুষ্ঠিত ‘আইটি ক্যারিয়ার সিনারিও-লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট’ শীর্ষক এই সেমিনার। এতে তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও কর্মপন্থা বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া হবে।
আয়োজকেরা জানান, সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় পেশা হিসেবে তথ্যপ্রযুক্তি খাত সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং শিক্ষার্থীদের মননে পেশাদারি মনোভাব গঠন। সেমিনারে প্রধান অতিথি ও প্যানেলের আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বেসিসের সাবেক সভাপতি ও সিএসএলসফটের সহ-প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রাউলি, বেসিসের যুগ্ম মহাসচিব ও অ্যাডভান্সড ইআরপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, বেসিসের পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু, ক্লাউড টিম সিক্স ও ভার্চুস্ট্রিমের পরিচালক মোহাম্মদ জামান এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সাজ্জাদ হোসেন।