তথ্যপ্রযুক্তি খাতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিসের সভাপতি শামীম আহসান
বেসিসের সভাপতি শামীম আহসান

প্রবাসীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসিসের সভাপতি শামীম আহসান। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (এএবিইএ) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ১৫ নভেম্বর শনিবার ক্যালিফোর্নিয়ার শেরাটন এনাহেম হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে শামীম আহসান বলেন, এটিকার্নি, গার্টনার, জেপি মরগ্যান, গোল্ডম্যান স্যাচের মতো প্রতিষ্ঠান বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির পরবর্তী গন্তব্যস্থল হিসেবে গুরুত্বসহ বিবেচনা করছে। তাই সহজেই বোঝা যায়, বাংলাদেশে বিনিয়োগের দারুণ ক্ষেত্র তৈরি হচ্ছে।
প্রবাসীরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ করলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) থেকে ‘ওয়ানস্টপ’ সেবা দেওয়ার ঘোষণা দেন তিনি। ওয়ানস্টপ সেবা মানে নীতিনির্ধারণী থেকে শুরু করে সব ধরনের সেবা দেওয়ার কথা বলেন তিনি। বেসিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলিকনভ্যালির ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের সাধারণ সহযোগী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসউজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে দারুণ সম্ভাবনা রয়েছে। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য ফান্ড তৈরি করছে। এ ছাড়া সিলিকন ভ্যালিতে বাংলাদেশি কোম্পানি ও উদ্যোক্তাদের তুলে ধরতে কাজ করবে ফেনক্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইট হাউস অ্যাডভাইজরি কমিশনের কমিশনার এন নিনা আহমেদ। এ ছাড়াও অতিথি ছিলেন ইউএস কংগ্রেসের প্রতিনিধি জুডি চু, এএবিইএ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল উল্লা, এসবিট ইনকরপোরেশনের সভাপতি জাহাঙ্গীর দেওয়ান, এএবিইএ সিলিকন ভ্যালি চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত হোসেন।