ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর বাণিজ্য উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজনেস টু বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং ও সেমিনার অনুষ্ঠিত হবে। আজ ঢাকার সিরডাপ মিলনায়তনে দিনব্যাপী চলবে এ আয়োজন।
‘আইসিটি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এ আয়োজনে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, বিনিয়োগের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করবেন দুই দেশের ব্যবসা খাতে নেতারা। এ উদ্যোগের যৌথ আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই)। সহযোগিতায় রয়েছে সিরডাপ এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।
গত বৃহস্পতিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এ সময় এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপ হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী এবং কমার্শিয়াল কাউন্সিলর আর মাসাকুই, আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বেসিসের সহসভাপতি সৈয়দ আলমাস কবিরসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ আয়োজনে ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিনিধিদলের ১৫ জন সদস্য অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের ৫০টিরও বেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান অবস্থা, ভারতের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান অবস্থা, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার উন্নয়ন ও নিরীক্ষা, তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা ও প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে একাধিক সেমিনার। দুপুর থেকে চলবে বিটুবি আলোচনা। —রাহিতুল ইসলাম