তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি বিভাগের মতবিনিময় সভা
ছবি: তথ্যপ্রযুক্তি বিভাগের সৌজন্যে

বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগসহ তথ্যপ্রযুক্তি খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। গতকাল বুধবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান সভায় উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে তাঁর দেশের অংশগ্রহণের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। প্রতিবছর আমাদের অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় হচ্ছে। বৈশ্বিক তথ্যপ্রযুক্তি শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে। ২০১৯ সাল পর্যন্ত বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির বাজার ৫.৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ বাজারে সঠিক জায়গায় স্মার্ট বিনিয়োগের মাধ্যমে টিকে থাকা সম্ভব।

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে তাঁর দেশ আরও কাজ করতে চায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম। তিনি বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সারা দেশে ৩৯টি হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং কাম ইনকিউবেটর স্থাপন করছে।

এর মধ্যে পাঁচটি পার্কে ব্যবসায়িক কার্যক্রম চলছে। স্যামসাং, নকিয়া, ওয়ালটনসহ আরও বেশ কিছু কোম্পানি কাজ করার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত ১০০টির বেশি সফটওয়্যার, হার্ডওয়্যার ও বায়োটেক কোম্পানি হাইটেক পার্কগুলোতে ভূমি ও জায়গা বরাদ্দ নিয়েছে।

মতবিনিময় সভায় তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, তুরস্ক সরকারের দাতা সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির বাংলাদেশের সমন্বয়ক ইসমাইল গুনদৌদু, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন প্রকল্পের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।