তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি খাতের পরবর্তী গন্তব্যস্থল হিসেবে বাংলাদেশকে এখন বিবেচনা করা হচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতিমালা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ১১ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক, ৪ কোটির বেশির ইন্টারনেট ব্যবহারকারী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবসা খাতে ২০২৪ সাল পর্যন্ত আয়কর অব্যাহতিসহ সরকারি-বেসরকারি নানা সহায়তা বাংলাদেশে বিনিয়োগের দারুণ ক্ষেত্র তৈরি হয়েছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনাময় দেশ হলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ১৫ জুলাই দ্য ইন্দাস এন্টারপ্রেনার্স (টিআইই) এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ) আয়োজিত বার্ষিক সম্মেলনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের পক্ষ থেকে এসব কথা বলা হয়। খবর বিজ্ঞপ্তির।
‘অংশীদারত্ব, উদ্যোক্তা ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ ও সিলিকন ভ্যালির মধ্যে সুদৃঢ় বন্ধন গড়ে তোলা’ শীর্ষক এই সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে ছিলেন আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বেসিসের সভাপতি শামীম আহসান, এএবিইএর উপদেষ্টা এম হেলাল, টাই সিলিকন ভ্যালির সভাপতি বিনোদ শুক্লা ও ফিনক্স ভেঞ্চারের কাইলে ক্লিং। সঞ্চালনা করেন এএবিইএর উপদেষ্টা জাহাঙ্গীর দেওয়ান।
আলোচনায় শ্যাম সুন্দর সিকদার ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন। এস এম আশরাফুল ইসলাম সরকারের সঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের অংশগ্রহণ ও সমর্থনের প্রসঙ্গ উল্লেখ করেন।
শামীম আহসান দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সফলতা বিশেষ করে বেসরকারি বিভিন্ন সফল উদ্যোগের কথা উল্লেখ করে সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। ‘বাংলাদেশ নেক্সট’ স্লোগানকে সামনে রেখে বেসিস, আইসিটি বিভাগ ও বিসিসি যৌথভাবে এ সম্মেলনে অংশ নিয়েছে।