তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ১০ কোটি ডলার

প্রথমবারের মতো দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাত থেকে রপ্তানি আয় ১০ কোটি বা ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০১২-১৩ অর্থবছরে এ খাতের রপ্তানি আয়ের পরিমাণ১০ কোটি ১৬ লাখ৩০ হাজার কোটি ডলার। গতকাল শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংগঠনটির সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানিতে এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে এ খাতের রপ্তানি আয় ১০০ কোটি বা এক বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে।’
সম্মেলনে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক সালাহউদ্দীন মাহমুদ, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আইসিটির ব্যবহার নিয়ে আলোচনা: তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটির) যুগোপযোগী ব্যবহার কীভাবে করা যায় এবং তা কীভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে, এ ব্যাপারে গতকাল সকালে ঢাকার একটি হোটেলে আলোচনার আয়োজন করে বেসিস এবং দি এশিয়া ফাউন্ডেশন। দেশব্যাপী ইন্টারনেট সংযোগের বিস্তার এবং মোবাইলফোনের অ্যাপ্লিকেশন্স (অ্যাপস)—এ দুটি বিষয় নিয়ে আলোচনা করে।
আলোচনা সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিকী, আইসিটি সচিব নজরুল ইসলাম, এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাসান মজুমদার, বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, অধ্যাপক মো. রোকনুজ্জামানসহ অনেকে।
বক্তারা সাধারণ মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে একটি ন্যূনতম মূল্য নির্ধারণের বিষয় নিয়ে কথা বলেন।
আলোচনায় বক্তারা মোবাইল অ্যাপসের মূল্য নির্ধারণ, নির্মাতারা কীভাবে তাঁদের অর্থ পাবেন, বাজারজাত করার মাধ্যম এবং কীভাবে সরকারি নীতিমালা প্রণয়ন করা যায়, এসব নিয়ে আরও আলোচনা করার ব্যাপারে গুরুত্ব দেন। —মো. রাফাত জামিল