তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাট বাড়লে ডিজিটাল বাংলাদেশ বাধাগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ নিয়ে যাঁরা কাজ করে যাচ্ছেন, তাঁদের সহযোগিতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাত হতে পারে আরও বড়। ছোট ছোট পরিসরে ই-কমার্স ব্যবসায়সহ বিভিন্ন ধরনের উদ্যোগে মূল্য সংযোজন কর বা ভ্যাট ধার্য করা হলে তা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাধা হয়ে দাঁড়াতে পারে। গতকাল রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
মতবিনিময় সভায় বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশন (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) পক্ষে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য কিছু প্রস্তাব তুলে ধরে।
বেসিসের সভাপতি শামিম আহসান বলেন, ‘আমরা ই-কমার্সের ওপর বেশি জোর দিয়েছি। কীভাবে এই খাতকে ভ্যাটমুক্ত করা যায়, সে জন্য কাজ করে যাচ্ছি। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তত ১০ শতাংশ অর্থ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের উন্নয়নে বরাদ্দ করতে হবে।’
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাক বলেন, ‘কম্পিউটার পণ্যের ওপর আমদানি শুল্ক ২ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। আমরা চাই এটা ২ শতাংশই রাখা হোক।’
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাজিব আহমেদ বলেন, ‘ই-কমার্স খাতের জন্য সুনির্দিষ্ট খাত চিহ্নিত করে বাজেটে ১০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’
এমটবের মহাসচিব এ টি এম নুরুল কবির তার প্রস্তাব তুলে ধরে বলেন, বাজেটে অপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক আগের মতো রাখার প্রস্তাব করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট শফিউল ইসলাম, পরিচালক শাফকাত হায়দার, এম শোয়েব চৌধুরী, আইএসপিএবির উপদেষ্টা আখতারুজ্জামান মঞ্জু, মহাসচিব এমদাদুল হক, এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটালাইজেশন অব ট্রেড বডিজের চেয়ারম্যান আক্কাস মাহমুদসহ অনেকে।