দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে দেশে চলমান ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট’ প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এ প্রকল্পের আওতায় দেশের এক হাজার স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য ‘গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সিলারেশন প্রোগ্রাম’ চালু করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এবং স্টার্টআপদের কাজ করার সুযোগ দিতে কারওয়ান বাজারে ১ লাখ ২৫ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়া হবে। উদ্যোক্তা তৈরির জন্য ১০টি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব তৈরির পাশাপাশি তিন হাজার তথ্যপ্রযুক্তি পেশাজীবীকে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।
বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন লিড ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এবং এফসিআই দক্ষিণ এশিয়ার ডেপুটি ম্যানেজার আলেক্সান্ডার প্যানকভ, ঊর্ধ্বতন অর্থনীতিবিদ আন্দ্রেস গার্সিয়া এবং অর্থনীতিবিদ রামি গালাল।