তথ্যপ্রযুক্তি খাতের নির্দেশিকা প্রকাশিত

দেশের কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের নতুন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিস ক্যাটালগ ২০১৪ নামের এ নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এই প্রকাশনার মোড়ক উন্মোচন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি সাধিত হচ্ছে। এ খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। এই ক্যাটালগ দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি সম্পর্কে একটি ধারণা দেবে।
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বেসিস প্রকাশিত এই ক্যাটালগে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতউল্লাহ আল মামুন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মাদ শাহজাহান খান, বেসিসের সহসভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে।
ফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিস ক্যাটালগ ২০১৪ সম্পাদনা করেছেন এ কে এম ফাহিম মাশরুর ও শাহ ইমরাউল কায়ীশ। এই বইতে দেশি ১৫০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়েছে। ২১টি ভাগে প্রায় সব ধরনের সফটওয়্যার নির্মাতা ও সেবাদাতাদের বিস্তারিত তথ্য এতে আছে। সফটওয়্যার ও সেবার সুবিধা, ব্যবহারকারীদের মন্তব্য, গ্রাহকের নাম ও সংখ্যাসহ যোগাযোগের নানা তথ্যও এতে স্থান পেয়েছে।
ক্যাটালগটি দেশে এবং দেশের বাইরে বিনা মূল্যে বিতরণ করা হবে। বইটি সংগ্রহ করা যাবে বেসিস কার্যালয় থেকে। এর আগে ২০১১ সালে একই রকম একটি নির্দেশিকা প্রকাশ করেছিল বেসিস।