২০০১ সালের ১৩ জানুয়ারি যাত্রা শুরু করে বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডিনেট)। আরও সহজে তথ্যপ্রযুক্তিকে সারা দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ক্ষুদ্র পরিসরে কাজ শুরু করেছিল ডিনেট। গত ১৩ জানুয়ারি রাতে ডিনেটের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এ উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে গত ১০ বছরে ডিনেটের পল্লি তথ্যকেন্দ্র, গুণীজন, নারী উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন ধরনের কার্যক্রমের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ডিনেটের মাঠপর্যায়ে কর্মরত ব্যক্তিরাও ছিলেন অনুষ্ঠানে। কীভাবে সহজেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে আশপাশের একটি নতুন জগতের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন, তাঁরা সেসব অভিজ্ঞতা বর্ণনা করেন। ডিনেটের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিনেটকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন দেশের অনেক বিশিষ্টজন।তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘১০ বছরে ডিনেট দ্রুতগতিতে এগিয়েছে। সরকারের বিভিন্ন কর্মসূচির সঙ্গে ডিনেটের কার্যক্রমের অনেক মিল রয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সারা দেশে একটি ভালো অবদান রাখছে।’ ডিনেটের প্রতিষ্ঠাতা সভাপতি অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ডিনেটের মাধ্যমে অনেক সম্ভাবনা বাস্তবায়িত হচ্ছে। ডিনেট যেভাবে সামাজিক দায়িত্ব নিয়ে ডিজিটাল-বৈষম্য দূর করার কাজ করছে, তা সত্যিই প্রসংশনীয়’। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘ডিনেটের বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে বিরাট ভূমিকা রেখেছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ভলান্টারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) কান্ট্রি ডিরেক্টর জসীমুজ্জামান, ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর, রহিমআফরোজের গ্রুপ ডিরেক্টর মিসবাহ্ মইনসহ আরও অনেকে। দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান প্রথম আলোকে বলেন, ‘তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষের জন্য খুবই দরকারি একটি বিষয়। এই বিষয়টি এখন জাতীয় আলোচ্য কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে। সেই প্রক্রিয়ায় ক্ষুদ্র ভাবে হলেও ডিনেট অবদান রাখতে পেরেছে।’ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ডি.নেটের দশম প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানটি।—মোছাব্বের হোসেন।