তথ্যপ্রযুক্তি দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির যোগাযোগ ও তথ্যসেবার মাধ্যমেই আমাদের বিরাজমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে টেলিযোগাযোগ-সুবিধার সম্প্রসারণ জরুরি। রাষ্ট্রের সমৃদ্ধির জন্য গড়ে তোলা প্রয়োজন একটি সমৃদ্ধ তথ্যসমাজ। বিশ্ব টেলিযোগাযোগ এবং বিশ্ব তথ্যসমাজ দিবস ২০১০ উপলক্ষে গত সোমবার ঢাকায় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস টুডে আয়োজিত আলোচনা সভায় ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এ কথা বলেন। খবর বিজ্ঞপ্তির। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, ড্যাফোডিলের ইলেক্ট্রনিকস ও টেলিযোগাযোগ বিভাগের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরীসহ অনেকে আলোচনা করেন। মূল আলোচক ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপসচিব তপন কুমার নাথ। তাঁর বক্তব্যের ওপর আলোচনায় অংশ নেন সাবেক যুগ্ম সচিব সৈয়দ আবু রায়হান, জাতিসংঘ তথ্যকেন্দ্রের কাজী আলী রেজা, দি এইমস সল্যুশনস লিমিটেডের চেয়ারম্যান অমর চন্দ্র মিস্ত্রি।