তথ্যপ্রযুক্তি বর্ষপত্র প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি ও আন্তর্জাতিক অঙ্গনে ২০১১ সালের তথ্যপ্রযুক্তির বিভিন্ন ঘটনা এবং তথ্য নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রিয় টেক ২০১১ তথ্যপ্রযুক্তি বর্ষপত্র। বইটি সম্পাদনা করেছেন জাকারিয়া স্বপন এবং প্রকাশিত হয়েছে মাত্রা প্রকাশনা থেকে। বইটি উৎসর্গ করা হয়েছে গত বছর প্রয়াত অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে।এই বর্ষপত্রে বিভিন্ন খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার নিয়ে লিখেছেন বিশিষ্টজনেরা। ইন্টারনেট, কম্পিউটার ও মোবাইল ফোনের প্রযুক্তির বর্তমান ধারা ও ভবিষ্যতে কী হতে পারে তা নিয়েও আছে একাধিক লেখা। তারিখ ধরে ধরে ২০১১ সালের প্রযুক্তি-সম্পর্কিত ঘটনা দেওয়া হয়েছে ২৫০ পৃষ্ঠার এই বইটিতে। কিছু টিপসও স্থান পেয়েছে এতে। তথ্যপ্রযুক্তিবিদ এবং প্রযুক্তিবিষয়ক ব্লগ প্রিয় ডটকমের সম্পাদক জাকারিয়া স্বপন এই প্রকাশনা সম্পর্কে গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তি নিয়ে গত তিন চার বছরে বিভিন্ন প্রচারাভিযানের মধ্যে দিয়ে ভালো একটা প্রবাহ তৈরি হয়েছে। এই বইটা মূলত মিডিয়াকর্মী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি নিয়ে কী ধরনের কাজ হয়েছে সেসব জানা যাবে একটি মলাটের মধ্য থেকেই। এ বইটি প্রতিবছরই প্রকাশিত করার পরিকল্পনা রয়েছে।’২০১১ সালের সেরা ১০০টি প্রযুক্তিপণ্য, প্রযুক্তিমেলা, প্রযুক্তিনির্ভর পেশা, ভবিষ্যৎ প্রযুক্তির দিকনির্দেশনা ছাড়াও সামাজিক ওয়েবসাইট ফেসবুক, গুগল, লিঙ্কড-ইন, ইউটিউব ব্যবহারের নিয়মাবলি, সুবিধা, অসুবিধাগুলোও তুলে ধরা হয়েছে এই বর্ষপত্রে। প্রতি বছর তথ্যপ্রযুক্তি ঘটনা নিয়ে বর্ষপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। —রয়া মুনতাসীর