‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল অস্ত্র দিয়ে। প্রথম আলো আর গ্রামীণফোন দেশে তথ্যপ্রযুক্তির বিকাশে আরেকটি যুদ্ধ শুরু করেছে। এ যুদ্ধের হাতিয়ার হচ্ছে কম্পিউটার, মুঠোফোন আর ইন্টারনেট। মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। তথ্যপ্রযুক্তির বিকাশের এ যুদ্ধে প্রথম আলো ও গ্রামীণফোন অবশ্যই জিতবে।’ কথাগুলো সমাজসেবক বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হকের।লালমনিরহাটে গতকাল বৃহস্পতিবার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে বক্তব্য দেওয়ার সময় আজিজুল হক এসব কথা বলেন।গতকাল লালমনিরহাট ছাড়াও বরগুনা, রাঙামাটির কাপ্তাই ও শেরপুরের নালিতাবাড়ীতে ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়েছে।ইন্টারনেট উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়েছে। এ ছাড়া প্রথম আলোর পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা উপহার।উৎসবে আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবাইকে ক্রেস্ট দেওয়া হয়।লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার বেগম কামরুননেছা ডিগ্রি কলেজ মাঠে গতকাল ইন্টারনেট উৎসবে মেতে উঠেছিল ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী।সকাল ১০টায় বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল হায়াৎ আহমেদ ও বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।পরে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠ করান ঢাকা বন্ধুসভার সদস্য হাসান ইমাম সোহাগ।অনুষ্ঠানে বক্তব্য দেন বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল হায়াৎ আহমেদ, বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব ও গ্রামীণফোনের রংপুর এরিয়া ম্যানেজার আবু বকর সিদ্দিকী।উৎসবে বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. হোসেন আলী আই-জিনিয়াস নির্বাচিত হয়।অনুষ্ঠানে আই-জিনিয়াস প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়। এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন লালমনিরহাট বন্ধুসভার সভাপতি শৌর্য দীপ্ত সূর্য ও ক্রীড়া সংগঠক প্রভাষক জিকরুল ইসলাম ফাতেমী।বরগুনা: বরগুনা সরকারি কলেজ মাঠে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. আবদুল কুদ্দুছ। এ সময় নন্দন সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে।উৎসবের উদ্বোধন করে অধ্যক্ষ আবদুল কুদ্দুছ বলেন, ‘আমি মনে করি, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব এযাবৎকালের সবচেয়ে কার্যকর ও ব্যতিক্রমী আয়োজন।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী, বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকত হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুম মুনির, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক (বরিশাল অঞ্চল) শেখ বরকত উল্লাহ ও প্রথম আলোর বরগুনার নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন।বরগুনায় আই-জিনিয়াস নির্বাচিত হয়েছেন বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম।বরগুনার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবে যোগ দেয়।কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজ মাঠে আয়োজিত ইন্টারনেট উৎসবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের শিক্ষার্থীরা। আর শপথবাক্য পাঠ করান বন্ধুসভার সদস্য জয়বর্ধন রায়। অনুষ্ঠানের উদ্বোধন করে কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী বলেন, ‘উৎসব থেকে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও অনেক অজানা বিষয় জানতে পারলাম।’গ্রামীণফোনের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক জহীর রায়হান বলেন, ‘কর্ণফুলী নদীর তীরে সুন্দর পরিবেশে আয়োজিত ইন্টারনেট উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে আমার ভালো লাগছে। শিক্ষার্থীদের ইন্টারনেট জগতে প্রবেশ করার আগ্রহে আমি মুগ্ধ।’উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে কেপিএম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ইরফান আন্তেখাব শাহিন। উপজেলার দুটি কলেজ, একটি কারিগরি মহাবিদ্যালয়, নয়টি স্কুলের শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকেরা উৎসবে যোগ দেন।নালিতাবাড়ী: তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জগৎটাকে জয় করার অঙ্গীকার করল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল নালিতাবাড়ী শহীদ আবদুর রশিদ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে তারা এ প্রত্যয় ব্যক্ত করে।সকালে শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের ছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন আবদুর রশিদ মহিলা কলেজের পরিচালনা কমিটির সদস্য শিক্ষানুরাগী বদিউজ্জামান বাদশা। তথ্যপ্রযুক্তিতে এগিয়ে চলার জন্য শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নালিতাবাড়ী বন্ধুসভার সহসভাপতি কোহিনুর রুমা।উদ্বোধনী বক্তব্যে বদিউজ্জামান বাদশা বলেন, ‘ইন্টারনেট উৎসব শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির নতুন এক পৃথিবীর সঙ্গে পরিচিত করে তুলবে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মেহেদী মাসুদ বলেন, ‘ইন্টারনেটের আলোয় নতুন প্রজন্ম অবশ্যই আলোকিত হবে।’গ্রামীণফোনের ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক সিরাজ উদ্দিন লস্কর বলেন, ‘ইন্টারনেট এখন আমাদের হাতের নাগালের মধ্যে। এখন বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে।’অনুষ্ঠানে শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. সিরাজ উদ দৌলা, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হাকাম হীরা ও প্রথম আলোর নালিতাবাড়ী প্রতিনিধি আবদুল মান্নান বক্তব্য দেন। এ উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাহমুদ হাসান অভি।গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। উৎসবে সার্বিক সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বরগুনা এবং লালমনিরহাট, নালিতাবাড়ী (শেরপুর) ও কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি]