তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের নতুন সংগঠন
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতে আরও একটি সংগঠনের যাত্রা শুরু হলো।বাংলাদেশে কলসেন্টার পরিচালনা করছে এবং তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং কাজ করছে—এমন ব্যবসা-প্রতিষ্ঠান নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন—বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও)। গত সোমবার রাতে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিএসিসিওর সহসভাপতি মো. আবুল খায়ের কলসেন্টারের লাইসেন্স পাওয়ার পর থেকে শুরু করে বর্তমানে চলতে থাকা বিভিন্ন অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাপী কলসেন্টারের বিশাল বাজার রয়েছে। আমাদের দেশে আমরা শুরু করেছি এবং কলসেন্টারের এ বিশাল বাজারে কাজ করতে হলে আমাদের দরকার যথেষ্ট লোকবল। এ জন্য সরকারিভাবে বড় আকারে প্রশিক্ষণ এবং প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) সহযোগিতার প্রয়োজন বলে জানান তিনি। বিএসিসিওর সাধারণ সম্পাদক এ বি এম রিয়াজউদ্দিন বলেন, কলসেন্টারের বাজারের অবস্থা এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন সরকারি সহযোগিতা ও লোকবল। তিনি জানান, লাইসেন্স পাওয়া ৪০০টি কলসেন্টার প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে চালু থাকা ৩৫টি কলসেন্টার ভালোভাবেই কাজ করছে। এ সভায় উপস্থিত ছিলেন বিএসিসিওর অর্থ সম্পাদক তৌহিদ হোসেনসহ অনেকে। সভায় ঘোষিত বিএসিসিওর নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সভাপতি আহমেদুল হক, সহসাধারণ সম্পাদক তানভীর ইব্রাহিম, পরিচালক এ কে এম এ হামিদ ও মাকসুদুর রহমান। সভায় জানানো হয়, ইতিমধ্যে বিএসিসিও আন্তর্জাতিকভাবে বিভিন্ন মেলা ও সম্মেলনে অংশ নিয়েছে। সংগঠনের ওয়েব ঠিকানা: www.bacco.org.bd। —নুরুন্নবী চৌধুরী