তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতে সহায়তা করবে নেদারল্যান্ডস সরকার
বাংলাদেশসহ চারটি দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বাড়াতে ৬০ লাখ ইউরোর একটি প্রকল্প সহায়তা দিতে যাচ্ছে ডাচ সরকার। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি রপ্তানিতে উল্লেখযোগ্য অবদান রাখা নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ)-২ প্রকল্পের ধারাবাহিকতায় এনটিএফ-৩ প্রকল্প হিসেবে এটি বাস্তবায়িত হবে। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রের (আইটিসি) উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও স্থানীয় বাণিজ্য সহায়তা কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়নের কাজ করবে। ১০ জুলাই জেনেভার বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যালয়ে এ ব্যাপারে এক চুক্তি হয়েছে। অনুষ্ঠানে এনটিএফ-৩ পার্টনারশিপ চুক্তিতে সই করেন আইটিসির নির্বাহী পরিচালক জেন-মেরি পাওয়াম ও সিবিআই নেদারল্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক হ্যান্স ক্লুন্ডার। এ সময় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রণালয়ের মন্ত্রী লিলিয়ান প্লোমেন, বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি