তথ্যপ্রযুক্তি শিক্ষা উপকরণ বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অনুষ্ঠিত হয় মুক্ত শিক্ষা দিবস নিয়ে আলোচনা।
ঢাকায় অনুষ্ঠিত হয় মুক্ত শিক্ষা দিবস নিয়ে আলোচনা।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও পালিত হলো এডুকেশন ফ্রিডম ডে (ইএফডি) ২০১৪। ডিজিটাল ফ্রিডম ফাউন্ডেশন জানুয়ারি মাসের তৃতীয় শনিবার দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।

সে হিসাবে আজ চলতি মাসের তৃতীয় শনিবার ঢাকায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

এতে মুক্ত আলোচনা, শিক্ষাবিষয়ক সফটওয়্যার এবং উপকরণ সহজে কীভাবে সবার কাছে পৌঁছানো যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়। চলতি বছর এ দিবসের মূল বিষয় ছিল ‘বিনা মূল্যে শিক্ষাবিষয়ক সফটওয়্যার ও মুক্ত শিক্ষাবিষয়ক উপকরণের সহজ প্রাপ্তি’। এ দিবসের অন্যতম লক্ষ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মৌলিক অধিকার শিক্ষা সবার জন্য সুনিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে মুক্ত সফটওয়্যার, মুক্ত পাঠ্যবই, মুক্ত শিক্ষা উপকরণ তৈরি করা, ব্যবহার করা এবং এর সামগ্রিক মানোন্নয়নে উত্সাহ ও সহায়তা প্রদান করে থাকে।

বিডিওএসএনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘মুক্ত শিক্ষাবিষয়ক উপকরণকে সহজলভ্য করতে ইতিমধ্যে বিডিওএসএন যৌথভাবে মুক্ত শিক্ষাবিষয়ক ওয়েবসাইট শিক্ষক ডটকমের (www.shikkhok.com) সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে।’ এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ওকেএফএন বাংলাদেশ অ্যাম্বাসেডর ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব বলেন, মুক্ত শিক্ষা কার্যক্রমকে সহায়তা করতে শিক্ষাবিষয়ক ওয়েবসাইট ও উপকরণ সহজলভ্য করতে পারলে শিক্ষার্থীদের জন্য বেশ সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহকারী সমন্বয়ক আইয়ুবুর রহমান, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, প্রকৌশলী মো. আবু তাহের, ওকেএফএন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য রাহিতুল ইসলাম, রাফাত জামিল, পলাশ নন্দী, মুসা কাজিম নাঈমসহ বিডিওএসএন এবং ওকেএফএন বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা। অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে শিক্ষাবিষয়ক সফটওয়্যার, শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপকরণ সহজে পৌঁছানো ইত্যাদি নিয়ে আলোচনায় যোগ দেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠান শেষে শিক্ষাবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শিত হয়। ইএফডির বিস্তারিত জানা যাবে www.educationfreedomday.org ঠিকানায়।