তথ্যপ্রযুক্তি স্নাতকদের জন্য চাকরির মেলা
প্রযুক্তিতে দক্ষ জনবল পারে একটি দেশকে এগিয়ে নিতে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রযুক্তিবিদেরাই সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন। এমনটাই বললেন চাকরির মেলায় আসা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে সদ্য পাস করা জাহিদুল হক। শুধু জাহিদুল হক নন, গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) তথ্যপ্রযুক্তি বিষয়ে সদ্য স্নাতকেরা চাকরি মেলায় অংশ নেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতে স্নাতকদের যোগ্য পদে নিয়োগ দেওয়ার জন্য বিসিসি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এ চাকরি মেলার আয়োজন করে। গতকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটি চাকরি মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলায় ২০টি চাকরিদাতা তথ্যপ্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠান অংশ নেয়। বেশিরভাগ প্রতিষ্ঠান জীবনবৃত্তান্তও সংগ্রহ করে।কিছু প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদের সাক্ষাৎকারও গ্রহণ করে। আয়োজকেরা জানান, এর আগে বিসিসির জাতীয় আইসিটি ইন্টার্নশিপ কর্মসূচির নবম ব্যাচের স্নাতকদের মধ্যে যোগ্য প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচন করে বেশ কিছু প্রতিষ্ঠান।বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতেই এ মেলার আয়োজন করা হয়। জানা গেছে মেলায় ২০টি প্রতিষ্ঠান শতাধিক প্রার্থীকে চাকরির জন্য নির্বাচন করেছে। সকালে অনুষ্ঠানিকভাবে চাকরি মেলার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিসিসির সচিব এনামুল কবির, বেসিসের সভাপতি মাহবুব জামান, সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর, সাধারণ সম্পাদক ফোরকান বিন কাশেম সহ অনেকে।মেলায় নির্বাচিত প্রার্থীদের জন্য পাঁচটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ডাটাসফট সিস্টেমস (বিডি) লি., ই-জেনারেশন লি., আইপোহলিকস্, দেশমাটি কোম্পানি লি., আইস টেকনোলজিস, আইসিটি অ্যালাইনস, স্পেকট্রাম সফটওয়্যার, রাইট ব্রেইন সলিউশন, মিডিয়া সফ্ট, টেকনোবিডি ওয়েব লি., সিএসএল সফটওয়্যার ইত্যাদি। —তারিকুর রহমান খান