তথ্যপ্রযুক্তি ২০১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ঘটনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতও ছিল বহু ঘটনায় আলোচিত। এ ছাড়া চলতি বছর বাংলাদেশে কম্পিউটার আসার সুবর্ণজয়ন্তীর বছর। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত গত বছর কেমন ছিল, চলতি বছরের প্রত্যাশা কী—এসব বলেছেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী

স্মার্টফোনের প্রচলন বাড়ায় ইন্টারনেটে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বেড়েছে অনেকটাই। ছবি: কবির হোসেন
স্মার্টফোনের প্রচলন বাড়ায় ইন্টারনেটে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বেড়েছে অনেকটাই। ছবি: কবির হোসেন
জামিলুর রেজা চৌধুরী
জামিলুর রেজা চৌধুরী

বাংলাদেশে কম্পিউটারের ৫০ বছর
২০১৪ সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। ১৯৬৪ সালে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, এ অঞ্চলে দ্বিতীয় প্রজন্মের প্রথম কম্পিউটার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (তৎকালীন আণবিক কমিশন) ঢাকা কেন্দ্রে স্থাপন করা হয়। এবং বহু বছর ধরে এ কম্পিউটারটি এ প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ব্যবহার করেন নিজেদের গবেষণার কাজে। তবে শুধু এ প্রতিষ্ঠানের বিজ্ঞানীরাই নন, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনেক শিক্ষক ও শিক্ষার্থী তাঁদের গবেষণাসংক্রান্ত তথ্য বিশ্লেষণেও ব্যবহার করেন এ কম্পিউটার। এ কম্পিউটার ব্যবহার করে সে সময় অনেকেই প্রথম প্রোগ্রামিংয়ের অভিজ্ঞতা লাভ করেন। আর পরবর্তী সময়ে তাঁরাই বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটারায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তখনকার দিনের তুলনায় আইবিএম ১৬২০ মডেলের কম্পিউটারটিকে একটি শক্তিশালী কম্পিউটার বিবেচনা করা হতো। যদিও বর্তমানে আমরা পকেটে করে যে বহনযোগ্য ট্যাবলেট রাখি তার চেয়েও সে সময় কম্পিউটারটি কয়েক হাজার গুণ ধীরগতির ছিল। এটির আকার ছিল ৬০০ বর্গফুট, যা একটি ঘরের বৃহদংশ দখল করে থাকত। এর মধ্যে প্রায় সবকিছুই আলাদা থাকত। সে হিসেবে এবার বাংলাদেশে কম্পিউটারের ৫০ বছর হচ্ছে। এই সুবর্ণজয়ন্তীতে সত্যিকার অর্থে বাংলাদেশে কম্পিউটার ব্যবহার যেমন এগিয়েছে, তেমনি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য স্মার্টযন্ত্রের ব্যবহারও বেড়েছে।
বলা যায়, নানা দিক দিয়েই এগিয়ে যাচ্ছে প্রযুক্তি। আগের যে কম্পিউটার ছিল সেগুলো থেকে বর্তমানে কয়েক লাখ গুণ দ্রুতগতির কম্পিউটার হাতের নাগালে এসেছে। এর চেয়েও দ্রুতগতির কম্পিউটারও আছে, যেগুলো সুপার কম্পিউটার হিসেবে পরিচিত।

থ্রিজি চালু হয়েছে, বাড়েনি সেবা
টেলিটকের পর গত বছর তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল নেটওয়ার্কের সেবা দেওয়ার লাইসেন্স পেয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। প্রতিষ্ঠানগুলো থ্রিজি সেবা দেওয়ার ব্যাপারে কাজ শুরু করলেও এখনো তেমন উন্নতি হয়নি থ্রিজি-সুবিধার। ব্যবহারকারীরা এখনো সন্তোষজনক সেবা পাচ্ছেন না।

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ
বিশ্বের বিভিন্ন গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ তেমন এগোয়নি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের করা নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্সের তালিকায় আমাদের অবস্থান আগে ছিল ১১৩, যা এখন ১১৪ হলো। আমাদের পরে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে শুধু নেপাল। এ ছাড়া জাতিসংঘের ই-গভর্নমেন্ট র‌্যাঙ্কিংয়ে আমাদের অবস্থা আরও খারাপ। আমাদের অগ্রগতি হচ্ছে, তবে সে তুলনায় অন্যান্য দেশ আরও দ্রুত এগিয়ে যাচ্ছে।

সরকারি পর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার
ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, সেভাবে সরকারি কার্যক্রম এগোচ্ছে না। দেখা যাচ্ছে, সরকারিভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের যেসব কাজ সহজেই তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হতে পারে, সেগুলোও হচ্ছে আগের মতোই। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলোর নিরাপত্তাব্যবস্থাও এখনো বেশ দুর্বল, যার ফলে প্রায়ই হ্যাক হচ্ছে এসব ওয়েবসাইট। এসব ওয়েবসাইটেও ব্যবহূত হচ্ছে পুরোনো সংস্করণের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।

নাগরিক সেবায় প্রযুক্তি
নাগরিক সেবায় যে ধরনের প্রযুক্তিসুবিধা বাড়ার কথা তা এখনো হয়নি। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র একটি ভালো উদ্যোগ। তবে এ উদ্যোগের মাধ্যমে এখনো অনেক নাগরিকই সেবা পাচ্ছেন না। অনলাইনের মাধ্যমে যেসব সুবিধা সাধারণ নাগরিকেরা পেতে পারেন, সে ব্যবস্থারও তেমন উন্নতি হয়নি।

শিক্ষা খাত ও তথ্যপ্রযুক্তি শিক্ষা
শিক্ষা খাতে বেশ কিছু সুবিধা যুক্ত হয়েছে, যা সত্যিই ভালো খবর। এখন ভর্তির ক্ষেত্রে এসএমএস পদ্ধতি বেশ কার্যকর। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বেশ সুবিধা পাচ্ছে এ ব্যবস্থার মাধ্যমে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। আরেকটি ভালো দিক, এখন কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। হঠাৎ করে মাঝখানে সিএসই বিভাগের শিক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছিল।

সফটওয়্যার রপ্তানি
গত অর্থবছরে সফটওয়্যার রপ্তানি ১০ কোটি ডলার পূর্ণ করেছে। এর মাধ্যমে ১০০ মিলিয়ন ডলারের মাইলফলকও ছোঁয়া হলো। ২০১৮ সালের মধ্যে তা এক বিলিয়ন করার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এ খাতে ধীরে ধীরে আমাদের উন্নতি হচ্ছে। তবে বর্তমান বিশ্ববাজার বেশ কঠিন হয়ে পড়ছে। তাই আমাদের এগিয়ে যাওয়ার গতিটা আরও বাড়াতে হবে। আমরা যে অর্জন করেছি তা আরও আগে হওয়ার প্রয়োজন ছিল।

আগামী বছরের প্রত্যাশা
তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে আমাদের তরুণেরা এখন বেশ সক্রিয়। আন্তর্জাতিকভাবে তরুণদের হাত ধরে নানা ধরনের সফলতাও আসছে। এভাবে এগিয়ে যেতে পারলে আমরা একটা সময়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।
অনুলিখিত