তথ্যপ্রযুক্তিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের জন্য কিছু প্রস্তাব রয়েছে সংগঠনটির। গতকাল বুধবার বিসিএসের মহাসচিব মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে সব রকম সফটওয়্যার শুল্কমুক্তভাবে আমদানি ও রপ্তানি করার যে সুবিধা রয়েছে, তা চলতি অর্থবছরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের প্রযুক্তির বাজার এখনো প্রত্যাশা অনুযায়ী জায়গায় পৌঁছাতে পারেনি, তাই আগামী অর্থবছরেও যেন সুবিধাটি বহাল থাকে।’বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। কিন্তু সেই অনুপাতে ইন্টারনেটের ব্যান্ডউইডথের দাম এখনো বেশি। এ কারণে শিক্ষার্থীসহ মধ্য আয়ের মানুষকে ইন্টারনেট ব্যবহারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। বিসিএসের দাবি, জাতীয় বাজেটে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে দেশের সাধারণ মানুষ আরও কম খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এতে করে দেশের তথ্যপ্রযুক্তির প্রসার হবে বলে মনে করে বাংলাদেশ কম্পিউটার সমিতি। মুজিবুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী আমাদের দেশের ক্ষুদ্র কম্পিউটার ব্যবসায়ীরা প্রতিবছর সরকারকে নির্দিষ্ট শুল্ক হিসেবে চার হাজার ৫০০ টাকা দিয়ে থাকে। এই টাকার পরিমাণ এ বছর যেন বাড়ানো না হয়।’ যদিও তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর শুল্ক মওকুফ করা হয়েছে, তার পরও যোগাযোগ ও নেটওয়ার্কিং পণ্যসহ বেশ কিছু প্রযুক্তিপণ্যকে অন্য তালিকায় ফেলে শুল্ক আরোপ করা হয়। বাজেটে বিষয়টি বিবেচনায় আনার কথা বলেছে বিসিএস। যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে, তা বাস্তবায়ন করতে সব অন্তরায় দূর করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। —মোছাব্বের হোসেন