সফটওয়্যার মেলার প্রথম সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী
তথ্যপ্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে
‘তথ্যপ্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে হবে। প্রযুক্তিকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তাদের উন্নয়নের স্রোতে নিয়ে আসতে হবে। তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘বেসিস সফট এক্সপো-২০১১’-এর প্রথম সেমিনারে এ কথা বলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি আরও বলেন, ‘সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তিকে সবার নাগালের মধ্যে আনতে হবে। তবেই আমরা ডিজিটাল বাংলাদেশ পাব।’বেসিসের সভাপতি মাহবুব জামান বলেন, ‘আমরা প্রযুক্তিকে ধারণ করা শুরু করেছি। এই ধারণ করার ক্ষেত্রে মোবাইল ফোন বিশেষ ভূমিকা পালন করছে।’ গ্রামীণফোনের প্রধান কারিগরি কর্মকর্তা তানভির মাহমুদ বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়ার প্রথম শর্ত হলো মানুষের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ থেকে সহজতর করতে হবে। আইসিটি এবং টেলিকম খাতকে আরও বেশি একযোগে কাজ করতে হবে। আমাদের এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে, যেটা আমাদের জন্য যথোপযুক্ত। আর আমাদের উদ্দেশ্য হলো দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এরই ধারাবাহিকতায় আজকের জিপিআইটি।’ জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইসলাম বলেন, ‘আইসিটিতে উন্নত হতে হলে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট (ব্রডব্যান্ড) একমাত্র সমাধান। দেশের বেশিরভাগ মানুষ মোবাইল ফোন সেবার আওতায়। সুতরাং আমরা যদি মোবাইল ব্রডব্যান্ড ব্যবহার করতে পারি, তবে অবশ্যই আমরা উন্নত হতে পারব।’ বেসিসের এই মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকে। —মোহাম্মাদ আলী