তথ্যপ্রযুক্তিতে এশিয়ার নেতৃত্ব দেওয়ার আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রীর হাতে অ্যাসোসিওর স্মারক তুলে দিচ্ছেন আবদুল্লাহ এইচ কাফি
ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রীর হাতে অ্যাসোসিওর স্মারক তুলে দিচ্ছেন আবদুল্লাহ এইচ কাফি

চলতি শতাব্দীতে তথ্যপ্রযুক্তি খাতে নেতৃত্ব এশিয়া দেবে—এমন আশাবাদ ব্যক্ত করে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হয়েছে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন-অ্যাসোসিওর ৩১তম সম্মেলন। গতকাল বুধবার ‘ভিয়েতনাম-অ্যাসোসিও আইসিটি সামিট ২০১৪’ নামের এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রার কথা তুলে ধরা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ভু ডুক দাম। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি এমন একটা বিষয় যা সমাজের প্রত্যেক মানুষের কাজে লাগে। প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষিতে উন্নয়ন করতে চাচ্ছি। তথ্যপ্রযুক্তি থেকে একদিন সরে এলে পিছিয়ে পড়তে হয়।’
অনুষ্ঠানে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োকিও হাতাইওমো বলেন ভিয়েতনামে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা প্রশংসা করার মতো।
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থা অ্যাসোসিওর বর্তমান সভাপতি বাংলাদেশের আবদুল্লাহ এইচ কাফি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে দেশের সার্বিক উন্নয়নে ভিয়েতনামকে আদর্শ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ দেশের জিডিপির ৮ শতাংশ আসে তথ্যপ্রযুক্তি থেকে। তিনি বলেন, ‘পুরো এশিয়া একসঙ্গে কাজ করে এই শতকে নেতৃত্ব দেবে। অ্যাসোসিও হচ্ছে বড় একটা পরিবার। যে পরিবার এশিয়াকে তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় আরও এগিয়ে নিয়ে যাবে।’
সম্মেলনের আয়োজক ভিয়েতনাম ইনফরমেশন সার্ভিসেস অ্যালায়েন্স-ভিনাসার সভাপতি তুরং গিয়া বিন জানান, ভিয়েতনামে স্মার্ট ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু করে যানজট কমানো হয়েছে। এ ছাড়া দূরশিক্ষণ ও কৃষি খাতে আইসিটি ব্যবহার করা হচ্ছে। ভিয়েতনাম সোশ্যাল মোবাইল অ্যানালাইসিস ক্লাউড (এসএমএসি) ব্যবস্থায় সবকিছু আনতে চাচ্ছে। অনুষ্ঠানে ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ উপমন্ত্রী উয়েন মিং হং, হ্যানয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত সুদীপ্ত চাকমা উপস্থিত ছিলেন।
দুই দিনের এই সম্মেলন আজ বৃহস্পতিবার শেষ হবে। দুই দিনে এশিয়ার তথ্যপ্রযুক্তি নিয়ে আছে নানা সেমিনার ও কর্মশালা। পাশাপাশি সম্মেলনস্থল জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ভিয়েতনাম, তাইওয়ানসহ বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি কর্মকাণ্ডের প্রদর্শনীও চলছে। সম্মেলনে অ্যাসোসিওর সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতির একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। এ দলে আছেন সংগঠনের যুগ্ম মহাসচিব ওয়াহিদুজ্জামান ও নির্বাহী সদস্য এ টি শফিকউদ্দিন আহমেদ। —পল্লব মোহাইমেন, হ্যানয় (ভিয়েতনাম) থেকে