তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে চান নিজাম মাহমুদ

দূর পরবাসে বসে দেশের কথা ভাবতে ভাবতে ঠিক কখন যে দেশের মানুষের জন্য কিছু করতে ইচ্ছা হয় তা বলা মুশকিল। তবে এটা সব প্রবাসী বাঙালিরই চাওয়া বলেই জানান নিজাম মাহমুদ। তিনি ‘ম্যানুলাইফ’ নামের কানাডার এক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। বর্তমানে সপরিবারে থাকেন সেখানেই।
নিজাম মাহমুদ সম্প্রতি এসেছিলেন বাংলাদেশে। ৩ ফেব্রুয়ারি ঢাকায় কথা হয় তাঁর সঙ্গে। পেশাগত ব্যস্ততার মধ্যেও দূরশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার স্বপ্ন তাঁর। চেষ্টা করে যাচ্ছেন সে স্বপ্ন সামনে রেখেই। তৈরি করেছেন মাল্টিকালচারাল সোশ্যাল ডেভেলপমেন্ট কমিউনিটি ইনস্টিটিউট (এমএসডিআই) নামের অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.mscdi.org) নিবন্ধিত হয়ে যে কেউ শিখতে পারবেন তথ্যপ্রযুক্তির মৌলিক কিছু বিষয়। তবে অপেক্ষাকৃত কঠিন বিষয়গুলোও পরবর্তী সময়ে শেখানো হবে বলে জানান নিজাম মাহমুদ। কানাডায় তিনি অনলাইনে তথ্যপ্রযুক্তির শিক্ষা দিয়ে থাকেন।
প্রাথমিকভাবে দেশে প্রযুক্তি বিষয়ে শিক্ষক গড়ে তোলার ইচ্ছা তাঁর। এতে করে সেই শিক্ষকেরা আরও অনেককে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে পারবেন। তবে ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। বাংলাদেশের সময়ের সঙ্গে মিল রেখেই প্রশিক্ষণ কর্মসূচির সময় ঠিক করা হয়েছে।
নিজাম মাহমুদ বলেন, ‘গোটা দুনিয়া এগিয়ে যাচ্ছে তথ্যপ্রযুক্তির ওপর ভর করে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। এখন ইন্টারনেট সংযোগ আগের তুলনায় অনেকটাই দ্রুতগতির। কিন্তু এই প্রযুক্তির জোয়ার থেকে সুবিধা নিতে হলে আমাদের প্রথমে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। সে থেকেই আমার এই ভাবনার শুরু।’
তবে ব্যাপারটা এমন না যে এই প্রশিক্ষণের মাধ্যমে কাউকে চাকরি পাইয়ে দেওয়া হবে। বরং দক্ষতা উন্নয়নের সুযোগ বলা যেতে পারে। এ প্রসঙ্গে নিজাম মাহমুদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষায় বাস্তব জীবনের অনেক কিছুই শেখানো হয় না। বিশেষ করে প্রযুক্তি-বিষয়ক। আমরা চাচ্ছি কর্মক্ষেত্রে গিয়ে যেন বিষয়গুলো নতুন না মনে হয়।’