তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ রপ্তানি করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে আমরা বেকারত্ব দূর করতে পারি। ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ রপ্তানি করবে সরকার। আন্তর্জাতিক চাকরির বাজারে তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা পরিমাপে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স পরীক্ষাও (আইটিইই) সহায়ক হবে।’ আইটিইইতে উত্তীর্ণদের হাতে সনদ তুলে দেওয়ার সময় এ কথা বলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
গত বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আইসিটি বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আয়োজিত এক অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৫ জন বাংলাদেশি ছাত্রছাত্রী। এ পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়ে এশিয়ার ১২টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। প্রথম স্থানে রয়েছে ভিয়েতনাম।
সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমো, আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মো. আকতার হোসেন, জাইকার বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি মিকিও হাতেয়োদা ও বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেন। গত বছরের ২৫ অক্টোবর ঢাকায় আইটিই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রতি দুই বছর পর পর এ পরীক্ষা হবে।— নিজস্ব প্রতিবেদক