তথ্যপ্রযুক্তিতে পেশা গড়ার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের আয়োজনে রাজধানীর কেআইবি মিলনায়তনে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬’। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘২০২১ সাল নাগাদ আইসিটিতে রপ্তানির পরিমাণ ৫০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা পূরণ এবং তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংখ্যা ২০ লাখে উন্নীত করার জন্য দেশে আইটি-শিল্পের প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই।’
‘ডিজিটাল বাংলাদেশে দুর্বার আমরা’ স্লোগানের এই ক্যারিয়ার মেলায় দিনব্যাপী নানা কর্মশালা, তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের বক্তৃতায় তরুণদের উদ্বুদ্ধ করা এবং আইসিটি-বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। তথ্যপ্রযুক্তিতে পেশাজীবন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আগ্রহী করতে এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরতে সারা দেশেই এমন ক্যারিয়ার ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনের পরেই পেশা হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সুযোগ নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদের সঞ্চালনায় গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, টিম ইঞ্জিনের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি এবং অ্যাকসেঞ্চারের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফিরোজ সিদ্দিকী বক্তৃতা করেন। সরকারের আইসিটি বিভাগ, বিসিসি এবং এলআইসিটি এই মেলার আয়োজন করেছিল।
মেহেদী হাসান