তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিতদের নিয়ে আইডিবির মেলা
বাংলাদেশে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণার্থীদের নিয়ে গতকাল শনিবার ঢাকার আইডিবি ভবনে একটি মেলার আয়োজন করা হয়। ‘আইটি প্রফেশনাল এক্সপো-২০১০’ নামের এ মেলায় মূলত ইসলামী উন্নয়ন ব্যাংক-বাংলাদেশ ইসলামিক ধর্মীয় বন্ধন শিক্ষা কার্যক্রমের (আইডিবি-বিআইএসইডব্লিউ) আওতায় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের দশম ব্যাচের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। মেলায় অংশ নেওয়া মো. সফিকুল ইসলাম, আবদুল্লাহ হোসাইন ও মো. আমজাদ হোসেন অনলাইন কুরিয়ার সার্ভিস ম্যানেজমেন্ট ওয়েবসাইট প্রদর্শন করেন। তাঁরা বলেন, ‘দেশি বেসরকারি ডাকসেবাকে ডিজিটালে রূপ দেওয়ার জন্য এই সাইটটি তৈরি করা হয়েছে।’ দশম ব্যাচের প্রশিক্ষণার্থী ১০ জনের একটি দল তৈরি করেছে অনলাইন বুক স্টল। আইডিবি-বিআইএসইডব্লিউর মহাব্যবস্থাপক নিয়াজ খান বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দেশে দক্ষ তথ্যপ্রযুক্তিনির্ভর জনবল গড়ে তুলতে হবে। প্রকল্পটি ২০০৩ সাল থেকে বাংলাদেশে সরকারের সঙ্গে আইডিবির সহযোগিতায় বৃত্তি প্রদান করে তথ্যপ্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচিতে যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্যে ৯৫ শতাংশ দেশ-বিদেশে ৪০০টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিবছর চার মাস অন্তর অন্তর এই আয়োজনের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়। আইটি প্রফেশনাল এক্সপোতে ১৪টি প্রকল্প দেখানো হয় এবং এতে দেশের ৫৩টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়। বিস্তারিত www.idb-bisew.org ঠিকানার ওয়েবসাইটে জানা যাবে।—নিজস্ব প্রতিবেদক