তথ্যপ্রযুক্তিতে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে তিন হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ৷ গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে আইসিটি খাত নিয়ে আয়োজিত ‘বাজেট সংলাপ’ শীর্ষক একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে সরকারের পাশাপাশি বেসরকাির প্রতিষ্ঠানগুলোকেও সমন্বয় করা হবে। এ খাতের উন্নয়নে সরকার অনেক বেশি আন্তরিক। আপনাদের সহযোগিতা, যৌথ অংশীদারত্ব ও নেতৃত্ববলে আমরা প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব।’
এ সংলাপের আয়োজন করে দেশের আইসিটি ব্যবসা খাতের তিন সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংলাপে বক্তব্য দেন বেসিস সভাপতি শামীম আহসান, বিসিসি সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জুসহ আরও অনেকে।
বেসিসের পক্ষ থেকে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিসেবার ওপর থেকে আয়কর অব্যাহতির সময়সীমা বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত করার প্রস্তাব করা হয়৷ এ ছাড়া ই-কমার্সভিত্তিক পণ্য ও সেবা লেনদেন রাজস্ব করমুক্ত রাখার প্রস্তাব করা হয়।
বিসিএসের পক্ষ থেকে বন্দরসুবিধা, ঋণের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য অর্থ বা মূলধনের ব্যবস্থা করা, কর অবকাশ ও আমদানি, সরবরাহ এবং ভোক্তা পর্যায়ে শূন্য রাজস্বকর নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে।
আইএসপিএবি দেশের সর্বত্র ইন্টারনেট সংযোগ পেঁৗছে দেওয়া, নেটওয়ার্ক যন্ত্রপাতি ও ফাইবার অপটিক কেব্লের সহজ প্রাপ্তি, দাম কমানো এবং শুল্ক প্রত্যাহার, ব্যান্ডউইথ ক্রয়ের ওপর ১০০ শতাংশ রেয়াত বহাল রাখা এবং ভোক্তার ওপর প্রযোজ্য ১৫ শতাংশ রাজস্ব রহিত করার প্রস্তাব দিয়েছে। —মো. রাফাত জামিল