তথ্যপ্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনা প্রশংসিত
হাজির আগমন, বিমানের সময়সূচি ইত্যাদি দরকারি তথ্য যথাসময়ে মোয়াচ্ছাসাকে (সৌদি হজ মন্ত্রণালয়ের অধীন হাজি সেবা সংস্থা) জানানো ও তাদের সহযোগিতা করার জন্য এবার বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য দক্ষিণ এশিয়ার মোয়াচ্ছাসা প্রধান আদনান বিন মোহাম্মদ আমিন কাতিব ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারকে। সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রীকে তিনি একটি চিঠি দিয়েছেন।তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে হজ ব্যবস্থাপনা গত কয়েক বছর ধরে হচ্ছে। হজযাত্রীদের সহায়ক ওয়েব সাইট্রwww.hajj.gov.bd-এ হজযাত্রীদের দরকারি হাল নাগাদ করা হচ্ছে। এই সাইটে সরকারের হজনীতি, সংশ্লিষ্ট বছরের হজ প্যাকেজ, হজের জন্য আবেদন করার নিয়ম, হজের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন, হজের সময় কোথায় কোথায় যেতে হবে, হজ ফ্লাইট ইত্যাদি সব তথ্য থাকে। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে ওয়েবসাইটের মাধ্যমে হজ-সম্পর্কিত হালনাগাদ তথ্য সংগ্রহ করতে পারেন।সাইটটি ব্যবস্থাপনা করছে বিজনেস অটোমেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী কর্মকর্তা জাহিদুল হাসান জানালেন, বিওটি (বিল্ড অপারেট ট্রান্সফার) পদ্ধতিতে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে হজ ব্যবস্থাপনার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় হাজির আত্মীয়স্বজনদের তাঁদের বিমানের যাত্রা ও দেশে ফেরার তথ্য জানানো হয়েছে। চালু করা হয়েছিল পুশপুল সেবা। সৌদি কর্তৃপক্ষ শুভেচ্ছা উপহার হিসেবে দুটো ল্যাপটপ দিয়েছে বাংলাদেশ হজ মিশনকে। হজ কর্মকর্তা (যুগ্ম সচিব) মো.বজলুল হক বিশ্বাস জানালেন, হজপালন শেষে বেশির ভাগ হজযাত্রী দেশে ফিরেছেন এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করায় পুরো হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। —ফেরদৌস ফয়সাল