তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় আমাদের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত হতে হবে। নতুন পৃথিবীর লড়াইয়ে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তির দুনিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন জরুরি। এ লড়াই নিজেকে পরিবর্তনের, ভবিষ্যৎ জীবনের এবং চার পাশ বদলে দেওয়ার।’ গতকাল রোববার সুনামগঞ্জ শহরে শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি’র আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার। এ আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।আলোচনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান। এ ছাড়া বক্তৃতা করেন বিসিএসের মহাসচিব মজিবুর রহমান, পরিচালক শাহিদ-উল-মুনীর, বিসিএস সিলেট জেলা শাখার সভাপতি এনামুল কদ্দুস চৌধুরীসহ অনেকে। এ আয়োজনে দিনব্যাপী শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশের রূপরেখা, গ্রাফিক ডিজাইন, ইন্টারনেটের ব্যবহারসহ তথ্যপ্রযুক্তির নানা দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিকেলে শহরের ইনস্টিটিউট অব কম্পিউটার টেকনোলজিতে (আইসিটিএস) উচ্চগতির ইন্টারনেট সংযোগসহ সাইবার ক্যাফের উদ্বোধন করেন মোস্তাফা জব্বার। —খলিল রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি