তথ্যপ্রযুক্তির অদম্য ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ জুন রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী আরমান কালামের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জুনাইদ আহ্‌মেদ। এ সময় মঞ্চে ছিলেন অধ্যাপক
৪ জুন রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী আরমান কালামের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জুনাইদ আহ্‌মেদ। এ সময় মঞ্চে ছিলেন অধ্যাপক

কারও হাত থেকেও নেই, কারও চোখে আলো নেই, হুইলচেয়ারে বসে আছেন কেউ কেউ। আবার প্রচণ্ড মেধাবী কেউ অস্থিরভাবে পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করছেন। তাঁদের সবাই সমাজের চোখে প্রতিবন্ধী। কিন্তু নিজেদের চোখে? তাঁরা কেউই কম নন কোনো দিক থেকে, তাঁরা অদম্য। আর তা প্রমাণ করতেই যেন তথ্যপ্রযুক্তির প্রতিযোগিতায় নেমেছিলেন সবাই।
৪ জুন যুব প্রতিবন্ধীদের নিয়ে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হয় জাতীয় তথ্যপ্রযুক্তি (আইটি) প্রতিযোগিতা। প্রতিযোগিতার এক বিচারক ইউএপির সহযোগী অধ্যাপক খান মো. আনোয়ারুস সালাম বলেন, ‘একজন সুস্থ মানুষ যে রকমভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারে এবং ইন্টারনেটে তথ্য খুঁজে বের করতে পারে, এই প্রতিযোগিতায় বিজয়ীদের দক্ষতাও ঠিক সে রকম।’ সারা দেশ থেকে ৫২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেটের নানা বিষয়ে দক্ষতা দেখান দৃষ্টি, শারীরিক, বাক্ ও শ্রবণ এবং নিউরো ডেভেলপমেন্ট (অটিজম) প্রতিবন্ধী। চার বিভাগে প্রথম পুরস্কার পাওয়া চারজন হলেন সাইফুল ইসলাম, কাজী নুসরাত সিনতিয়া, মো. আরমান কালাম ও রাফিদ আহসান। তাঁরা এ বছরের নভেম্বরে চীনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং ইউএপি এই আয়োজনে সহযোগিতা করেছে।
প্রতিযোগিতায় চার বিভাগে প্রথম স্থান অর্জনকারী চারজনের কথা থাকছে এখানে।

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম

তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধকতা কাটাতে চান সাইফুল
‘আমি বিশ্বাস করি আমি পারব। এ ভাবনা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম,’ বলছিলেন সাইফুল ইসলাম। ঢাকা কলেজের এই শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন এবার। কম্পিউটারের সঙ্গে তাঁর সখ্য কীভাবে হয়, জানতে চাওয়া হলে বলেন, ‘আত্মীয়স্বজন কম্পিউটার ব্যবহার করত। সেখান থেকেই আমার আগ্রহের শুরু। পরে আমার বাবা আমাকে কম্পিউটার কিনে দেন এবং ব্যবহারে সাহায্য করেন।’ এই কম্পিউটার ব্যবহার করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিজের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে চান বলে জানিয়েছেন সাইফুল ইসলাম। তিনি দৃষ্টিপ্রতিবন্ধীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন।
বিজ্ঞানে আগ্রহ নুসরাতের

কাজী নুসরাত সিনথিয়া
কাজী নুসরাত সিনথিয়া


কম্পিউটার বিষয়ে কোনো প্রশিক্ষণ নেননি কাজী নুসরাত সিনথিয়া। জানাশোনা বলতে স্কুল ও বাসায় কম্পিউটার ব্যবহার করে যা রপ্ত করতে পেরেছেন। সিনথিয়ার বাবা কাজী মো. হাবিবুর রহমান বলেন, ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ঝোঁক রয়েছে সিনথিয়ার। এরই অংশ হিসেবে কম্পিউটারে আগ্রহ তাঁর। রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া। পড়াশোনার বিভাগ হিসেবেও বিজ্ঞান বেছে নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী বিভাগে চ্যাম্পিয়ন এই প্রতিযোগী।

রাফিদ আহসান
রাফিদ আহসান

তথ্যপ্রযুক্তিতে মনোযোগী রাফিদ
বিচারকদের মতে, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (অটিজম) বিভাগের প্রতিযোগীরাই ছিলেন সবচেয়ে বেশি মেধাবী। জন্মগতভাবেই তাঁরা সাধারণ মানুষের চেয়ে দুনিয়াটাকে একটু ভিন্ন চোখে দেখা শুরু করেন। এ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাফিদ আহসান। কম্পিউটার নামের যন্ত্রটির প্রতি তাঁর খুব আগ্রহ।
তাঁর সব মনোযোগ কম্পিউটারের পর্দায়
চট্টগ্রামের ছেলে মো. আরমান কালাম বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী বিভাগে প্রথম হয়েছেন। প্রতিযোগিতার দিন দেখা যায় আরমান যখন কম্পিউটার ব্যবহার করেন, একনাগাড়ে এই যন্ত্রটি চালিয়ে যেতে চান তিনি।