তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার ঝিনাইদহ ও টাঙ্গাইলে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে তারা এ প্রত্যয় ব্যক্ত করে। এ জন্য শপথও নিয়েছে তারা।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে গতকাল ইন্টারনেট উৎসবটি হয় ঝিনাইদহের ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয় ও টাঙ্গাইলের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। ওই ১০ জনকে দেওয়া হয় ক্রেস্ট। ১০ জনের মধ্যে সেরা আই-জিনিয়াস পায় মেডেল ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ।যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি, তাদের জন্য ছিল মজার মজার উপকরণ। এর মধ্যে হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোন সবচেয়ে বেশি উপভোগ করে শিক্ষার্থীরা। ঝিনাইদহ: উৎসবের উদ্বোধন করে শপথবাক্য পাঠ করান ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাহিদা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক কর্মকর্তা পাবন সাহা, শিক্ষক হাবিবুর রহমান, ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইক-আল-জামি ও গতবারের আই-জিনিয়াস মনজুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বন্ধুসভার দীপ সরকার।উৎসবে ঝিনাইদহের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। এগুলো হচ্ছে: ঝিনাইদহ সরকারি কে সি কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়, কাঞ্চননগর মডেল স্কুল, ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়, আমেনা খাতুন কলেজ, মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ, শহীদ নূর আলী কলেজ, নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শোয়াইবনগর মাদ্রাসা, লাউতলা কলেজ ও শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় সরকারি কে সি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফাহিম ফয়সাল। প্রতিক্রিয়ায় সে জানায়, ‘তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চাই। ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানের জগতে পৌঁছাতে চাই। বিশ্বকে নিয়ে আসতে চাই হাতের মুঠোয়। আই-জিনিয়াস নির্বাচিত হওয়ায় সেই চলার পথ সুগম হলো।’টাঙ্গাইল: বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেছেন, নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির জ্ঞানে আলোকিত হয়ে দেশকে আলোকিত করবে। তাদের হাত ধরেই বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। নতুন প্রজন্মকে ইন্টারনেটের মতো শক্তিশালী মাধ্যমের প্রতি আগ্রহী করতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল উৎসবের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীদের শপথবাক্যও তিনি পাঠ করান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল করিম, গ্রামীণফোনের ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর ও টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি শিশির দাস। অনুষ্ঠান পরিচালনা করেন ফজলে রাব্বি খান।উৎসবে টাঙ্গাইলের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমুদিনী সরকারি মহিলা কলেজ, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মাহমুদুল হাসান কলেজ, সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল, শাহীন কলেজ, টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ, সৃষ্টি একাডেমিক স্কুল, শহীদ একাডেমিক স্কুল ও ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় সৃষ্টি কলেজ অব টাঙ্গাইলের একাদশ শ্রেণীর ছাত্র মো. নাছির উদ্দিন।আজ উৎসব পাঁচ জায়গায়: আজ মঙ্গলবার ইন্টারনেট উৎসব হবে ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ, টাঙ্গাইলের সখীপুর উপজেলার আবাসিক মহিলা কলেজ, নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় ও গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে।