তথ্যপ্রযুক্তির ওয়ার্ল্ড কংগ্রেসে যাচ্ছেন বিসিএসের প্রতিনিধি দল

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২৫ জনের একটি দল তথ্য প্রযুক্তির ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিতে ব্রাজিল যাচ্ছে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে ৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২০ তম সম্মেলন।
সম্মেলনের আয়োজক ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ (এএসএসইএসপিআরও)।
বিসিএসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনটির সভাপতি আলী আশফাক, সহসভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব সুব্রত সরকারসহ ২৫ জনের একটি দল সম্মেলনে অংশগ্রহণ করছে। তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ ও উপসচিব মাহবুবা পান্নাও এ সম্মেলনে যোগ দেবেন।
৮০টি দেশ থেকে প্রায় ৩ হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করার কথা। যুক্তরাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা টনি স্কট সম্মেলনে উপস্থিত থাকবেন। তথ্য প্রযুক্তিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা আধুনিক বিশ্ব এবং উন্নত ব্যবসা সম্পর্কে নিজেদের মতামত দেবেন।
১৯৭৮ সাল থেকে এই সম্মেলনের আয়োজন করে আসছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা)। পৃথিবীর ৮২টি দেশ এই সংগঠনের সদস্য। প্রতিটি দেশ থেকে একটি সংগঠন এখানে সদস্যপদ পেয়ে থাকে। বাংলাদেশে উইটসার সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। বিসিএস ১৯৯৯ সালে বিসিএস উইটসার সদস্যপদ অর্জন করে।
উল্লেখ্য, ২০২১ সালে ডব্লিউসিআইটি সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে।