তথ্যপ্রযুক্তির কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে হলে শিক্ষাজীবনকে পরিকল্পিতভাবে উপভোগ করতে হয়। নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগ ঘটাতে পারলে কর্মজীবনে উন্নতি করা সহজ হয়।তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীদের জন্য আয়োজিত পেশাবিষয়ক এক আড্ডায় এ অভিমত ব্যক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় কাঁটাবনের ফ্রেপড মিলনায়তনে এ আড্ডার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।আড্ডায় মোবাইল কম্পিউটিং, মোবাইল ফোনের জন্য গেম তৈরি এবং এর জন্য শিক্ষাজীবনে নিজেদের কীভাবে গড়ে তুলতে হয় সে বিষয়ে পরামর্শ দেন সফটওয়্যার প্রতিষ্ঠান আইকোডের প্রকৌশলী গোলাম মুক্তাদির, মিজানুর রহমান ও মামুন। আড্ডায় আঁকিবুঁকি সফটওয়্যারের নির্মাতা চ সিন প্রু কম্পিউটারে কাজের জন্য আগ্রহ এবং একাগ্রতার প্রতি জোর দেন। বহনযোগ্য যন্ত্রপাতির জন্য বিভিন্ন মোবাইল অপারেটিং সিস্টেম নিয়েও আলোচনা হয় এতে। আড্ডায় শিক্ষাজীবন থেকে চ্যালেঞ্জ মোকাবিলায় অভ্যস্ত হতে আহ্বান জানানো হয়।আড্ডায় উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকেরা।আড্ডায় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্টের প্রধান কারিগরি কর্মকর্তা জাবেদ মোরশেদ।প্রতি মাসে কমপক্ষে একটি করে এমন আড্ডার আয়োজন করা হবে বলে বিডিওএসএনের পক্ষ থেকে জানানো হয়। —নিজস্ব প্রতিবেদক