তথ্যপ্রযুক্তির চোখধাঁধানো এক মেলা

রান্নঘরে যে বৈদ্যুতিক চুলাটা থাকবে, সেটিকে নির্দিষ্টর রান্নার রেসিপি বলে দিলেই তাপমাত্রা ঠিকঠাক করে সময়মতো খাবার তৈরি করে ফেলবে। আবার পিনগ্রিড নামে এক প্রযুক্তি স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করে দারুণভাবে। পৌনে দুই লাখ বর্গমিটার জায়গাজুড়ে জার্মানির হ্যানোভারে ১০ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত ২৯তম সিবিট মেলায় ছিল এমন দারুণ সব প্রযুক্তি। একটি হলের প্রবেশদ্বারে বিশালাকার এক রোবট। সে দিব্যি কথাবার্তা বলে অতিথিদের সঙ্গে। এসবের বাইরে বড় বড় তথ্যভান্ডার নিয়ে কাজ করার প্রযুক্তিগত সমাধান ইত্যাদি তো ছিল। আউটসোর্সিংয়ের কাজ করে দেয়, আবার কাজ দেয়—দুই পক্ষেরই মিলনমেলা ছিল সিবিট ২০১৪।
২৮টি বড় বড় হলে পাঁচ দিনের এ আয়োজনে অংশ নিয়েছে ৭০টি দেশের চার হাজার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। এবারের সিবিট আয়োজক দেশ ছিল যুক্তরাজ্য। তাই উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের পাশে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মেলায় দর্শক এসেছিল প্রায় চার লাখ ১০ হাজার। এবারে সিবিটে মূল বিষয় ছিল ‘বিগ ডেটা অ্যান্ড ডেটাবিলিটি’। বিশাল তথ্যভান্ডারের সংরক্ষণ, নিরাপত্তা ও সহজ ব্যবহারের উপায় নিয়ে নানা প্রযুক্তি প্রদর্শিত হয়েছে ২৯তম সিবিটে।
বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তির নানা মেলা হলেও সিবিটে প্রযুক্তির প্রদর্শন, আউটসোর্সিংয়ের বড় ধরনের যোগাযোগ আর লেনদেন হয়ে থাকে। সারা বিশ্বের তথ্যপ্রযুক্তির সবিশেষ উন্নয়ন ও বাজারব্যবস্থার সম্প্রসারণ ও মূল্যায়নের জন্য এই মেলা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
সিবিটে বাংলাদেশ
সিবিট মেলায় বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে অংশ নিচ্ছে। এবারও ছিল উজ্জ্বল উপস্থিতি। বাংলাদেশ থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়শন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে ৬ নম্বর হলে বাংলাদেশ নেক্সেট নামে প্যাভিলিয়নে অংশ নেয়। এ ছাড়া নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফর ডেভেলপিং কান্ট্রিস বা সিবিআইয়ের অধীনে কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়। দেশের ১৩টি প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। সিবিটে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও ইপিবির কর্মকর্তারাও। সবাই চেষ্টা করেছেন বিশ্ব প্রযুক্তির এই বিশ্ব আসর থেকে অভিজ্ঞতা অর্জন করতে, নিজেদের যোগাযোগ বাড়াতে।
প্রযুক্তির বর্তমান দুনিয়া
বিশালাকার তথ্যভান্ডার নিয়ে কাজ করার ক্ষেত্রে সাইবার নিরাপত্তা একটা বড় ব্যাপার। আবার তথ্যপ্রযুক্তির প্রসার মানুষের আর্থসমাজিক জীবনে সুফল বয়ে আনছে, সঙ্গে আনছে বিড়ম্বনাও। বিগত মাসগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুঠোফোনের কথোপকথন নিরাপত্তা নিয়ে। তাই সিবিটে একটি বিশাল হলে সিবিট সিকিউরিটি ওয়ার্ল্ড ব্যানারে প্রদর্শিত হয়েছে প্রযুক্তি ত্রাস বা হ্যাকার আতঙ্ক থেকে বের হয়ে আসার নানা প্রযুক্তি আর কৌশল।
এবারের মেলায় বিশেষ গুরুত্ব নিয়ে এসেছে আবারও মোবাইল ফোন। তাই মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক স্বার্থে স্মার্টফোনে নতুন প্রযুক্তির বিকাশে প্রতিযোগিতাই নেমে পড়েছে। সিবিটেও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো।
মেলার ১৬ নম্বর হলে কোড এন নবীন উদ্ভাবকদের মেলা বসেছিল। প্রযুক্তিতে নতুন উদ্ভাবনের ক্ষেত্রে উৎসাহ দিতে সারা দুনিয়া থেকে বাছাই করে নতুন নতুন প্রযুক্তি দেখানো হয়েছে এখানে। এখানে উল্লেখ করার মতো নতুন প্রযুক্তি ছিল গাড়ির জন্য একটি অ্যাপ। ব্যস্ত শহরে যানজট আছে কোন রাস্তায়, তা জানিয়ে দেবে এই অ্যাপ। আরও ছিল স্যাটেলাইট ব্যবহার করে সমুদ্রের তলদেশের সব তথ্য অবস্থান ও দুর্যোগের আগাম আভাসের তথ্য বাতলে দেওয়ার প্রযুক্তি।
পৃথিবীর সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিটে প্রতিবারই থাকে নতুন ও নিকট ভবিষ্যতের প্রযুক্তির প্রদর্শন। এসব প্রযুক্তিই একসময় সাড়া জাগায় গোটা বিশ্বে।