তথ্যপ্রযুক্তির জন্য চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই দেড় দশক আগে যখন জাতীয় বাজেটে কম্পিউটার পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক ও কর প্রত্যাহার করা হলো, তখন থেকেই দেশে কম্পিউটারের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেল।এই সময়ে এসে শুধু কম্পিউটার বা তথ্যপ্রযুক্তির অন্যান্য পণ্যের দাম কমানোই নয়, বাজেটে এমন অনেক কিছুরই প্রত্যাশা থাকে যা তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে পারে।২০১৩-১৪ অর্থবছরের বাজেট সামনে রেখে তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা তাঁদের প্রত্যাশা সম্পর্কে বলেছেন

শুল্কমুক্ত হোক ডিজিটালশিক্ষা উপকরণ

মো. মইনুল ইসলাম

ভারপ্রাপ্ত সভাপতি

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)

আগামী বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের জন্য আমরা বেশ কিছু বিষয়ের কথা বলেছি। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য ২০১৩-১৪ অর্থবছরে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। আমরা বিসিএস থেকে এ বিষয়টিকে তিনটি অধ্যায়ে ভাগ করেছি। যার মধ্যে প্রথমটি ছিল ব্যবহারকারীদের বাসায় বাসায় কম্পিউটার পৌঁছানো, দ্বিতীয়টি ছিল বাসায় নেটওয়ার্ক-সুবিধা এবং তৃতীয়টি হচ্ছে আন্তসংযোগের (ইন্টারকানেকটিভিটি) জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামোর উন্নয়ন। এসব কাজ বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম দুটি অধ্যায় আমরা পার করতে পেরেছি সফলভাবে। এ দুটির জন্য প্রয়োজনীয় সুবিধাও আমরা পেয়েছি। একইভাবে আমরা তৃতীয়টির ব্যাপারেও চলতি বাজেটে আবেদন জানিয়েছি। আমদানি করা তথ্যপ্রযুক্তি পণ্যের মূল্য নির্ধারণের আনুষ্ঠানিকতায় প্রায় দুই সপ্তাহ অতিরিক্ত সময় এবং ১ শতাংশ পিএসআই ফি দিতে হয়, যা তথ্যপ্রযুক্তি খাতের কোনো উপকারে আসছে না। আমদানি পর্যায়ে উৎসে আয়কর ৫ শতাংশ করে নেওয়া হচ্ছে, যা ২০১১ সালে ছিল ৩ শতাংশ।এটি ৪ শতাংশ করলে ভালো হয়। কম্পিউটার ও কম্পিউটারসামগ্রী ব্যবসার ক্ষেত্রে অন্যান্য ব্যবসার মতোই শূন্য দশমকি ৫০ টাকা হারে টার্নওভার ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ২০১০-১১ অর্থবছরে। যেহেতু এ-জাতীয় আমদানিনির্ভর পণ্যে লাভের পরিমাণ খুবই কম, তাই এ ট্যাক্স মওকুফ করলে সুবিধা হয়। সফটওয়্যার ব্যবসার ওপর থাকা কর অবকাশের মেয়াদ শেষ হবে আগাসী৩০ জুন। এই সুবিধা ২০২১ পর্যন্ত বাড়ানো প্রয়োজন। দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক এবংইন্টারনেট যন্ত্রাংশ (সুইচ, রাউটার, হাব) আমদানির ক্ষেত্রে বিটিআরসির অনুমোদন নিতে হয়। এটি প্রত্যাহার করা হোক। ডিজিটাল শিক্ষা উপকরণের মধ্যে বড় আকারের ইলেকট্রনিক পর্দা, প্রজেক্টর, স্মার্ট বোর্ড ইত্যাদি শুল্কমুক্ত করা হলে সবচেয়ে ভালো হয়।

তথ্যপ্রযুক্তি খাতে রাজস্ব বাজেটের ২ শতাংশ এবং উন্নয়ন বাজেটের ৩ শতাংশ বরাদ্দ দেওয়া হোক। এ ছাড়া ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের জন্য ন্যূনতম ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হোক।

ইন্টারনেটের মূসক প্রত্যাহার করা হোক

এ কে এম ফাহিম মাশরুর

সভাপতি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)

বাংলাদেশের সফটওয়্যার খাতের অগ্রগতি বেশ দ্রুতই হচ্ছে।এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী বাজেটে আমাদের কিছু সুবিধা প্রয়োজন। তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার জন্য প্রযোজ্য ৪ দশমকি ৫ শতাংশমূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করা উচিত। এটি শূন্য শতাংশ হওয়া উচিত। এ ছাড়া ই-কমার্স লেনদেনের ওপর থেকে আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য মূসক প্রত্যাহার এবং তৈরি পোশাকশিল্পের মতো তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের বাণিজ্যিক এলাকায় অফিস স্থাপনের জন্য বাড়িভাড়ার ওপর থেকে ৯ শতাংশ মূসক প্রত্যাহার করা দরকার। ই-কমার্স সেবার ওপর থেকে শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হোক।

ইন্টারনেটের ওপর থেকে মূসক প্রত্যাহার জরুরি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) নীতিমালায় ৭০০ কোটি টাকার আইসিটি উন্নয়ন তহবিল গঠনের কথা বলা হয়েছে। অন্তত এর ১০ শতাংশ অর্থ দিয়ে আগামী বাজেটে এ তহবিল গঠন প্রক্রিয়া শুরু করা উচিত।এছাড়া রাজস্ব আদায় ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি যুক্ত হলেরাজস্ব আদায়ে স্বচ্ছতা ও রাজস্ব আয় বাড়বে।

ব্যান্ড উইডথের কর প্রত্যাহার করা উচিত

মো. আক্তারুজ্জামান

সভাপতি

আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)

সবার কাছে ইন্টারনেট-সেবা পৌঁছাতে চাইলে বেশ কিছু সুবিধা প্রয়োজন। এ সুবিধাগুলো পেলে আইএসপিএবির সদস্যরা সাধারণ ব্যবহারকারীদের কাছে সহজে উন্নত ইন্টারনেট-সেবা দিতে পারবেন। আগামী বাজেটে এ সুবিধার জন্য ইন্টারনেট ব্যান্ডউইডথের ওপর থাকা ১৫ শতাংশভ্যাট প্রত্যাহার করা উচিত। এটি সম্পূর্ণ মওকুফ করা হোক। ঢাকার বাইরে সব জেলা, উপজেলায় ইন্টারনেট ব্যান্ডউইডথের ওপর প্রয়োজনে ভর্তুকি দিলে ভালো হয়। এ ছাড়া ইন্টারনেট সংযোগ ব্যবস্থার উন্নয়ন করার (আপগ্রেডেশন) জন্য যেসব যন্ত্রাংশ প্রয়োজন, সেসবের ক্ষেত্রে খরচ কমানো উচিত।প্রয়োজনে এসব যন্ত্রাংশের জন্য ন্যূনতম শুল্ক ও কর নির্ধারণকরা যেতে পারে।পাশাপাশি অগ্রিম আয়কর মওকুফ করলে ভালো হয়। বর্তমানে প্রযুক্তির সুবিধা কাজে লাগাতে ভিডিও কল করার জন্য আইপি টেলিফোনি বিষয়ে বিশেষসুবিধা থাকা উচিত। এ ছাড়া এ কাজে প্রয়োজনীয় যন্ত্রাংশগুলোকেও বিশেষ ব্যবস্থায় ছাড় দিলে ভালো হয়। ন্যাশনাল টেকনিক্যাল ট্রান্সফার নেটওয়ার্ক (এনটিটিএন) ব্যবহারের জন্য সরকারি পর্যায়ে একটি খরচ নির্ধারণ করে দিলে আমরা গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারব।

পেপ্যাল চালু করা জরুরি

তপন কান্তি সরকার

সভাপতি, সিটিও ফোরাম বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য সবার যেমন অংশগ্রহণ প্রয়োজন, তেমনি প্রয়োজন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা। উন্নয়নের ক্ষেত্রে যেগুলো বাধা সৃষ্টি করে, তার মধ্যে একটি হচ্ছে মূসক।অনেক দিন ধরেই তথ্যপ্রযুক্তি খাতে মূসক-সংক্রান্ত কিছু জটিলতার সমাধান হচ্ছে না। রয়েছে বিদেশের সঙ্গে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সমস্যা। বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ই-কমার্স সাইট থেকে কিছু কিনতে গেলেও নানা ধরনের সমস্যায় পড়তে হয়। সরাসরি বিভিন্ন কার্ডের মাধ্যমে যদিও কেনা যায়, তবে সে পদ্ধতি সহজ নয়। সাধারণভাবে কেউ যদি অ্যাপলের অ্যাপ স্টোর থেকেই একটি অ্যাপ কিনতে যায়, পড়তে হয় নানা সমস্যায়। ই-কমার্সের সামগ্রিক উন্নয়নের জন্য এ পদ্ধতিগুলোর সহজ সমাধান প্রয়োজন। আর এ পদ্ধতিগুলোর জন্য যা যা প্রয়োজন, বাজেটে সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। বিদেশি অনেক প্রতিষ্ঠান দেশে আসতে চায়, কাজ করতে চায়। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় তারা পিছিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন লেনদেন পদ্ধতি পেপ্যাল চালু করাও বেশ জরুরি। এতে মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) যেমন উপকার পাবেন, তেমনি নানা ধরনের সুবিধা পাওয়া যাবে।

ফ্রিল্যান্সার প্রশিক্ষণের জন্য বরাদ্দ চাই

মো. জাকারিয়া চৌধুরী

ফ্রিল্যান্সার ও প্রধান নির্বাহী, ওয়েবক্রাফট বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে দেশে আউটসোর্সিংয়ের কাজে আগ্রহী ফ্রিল্যান্সারের সংখ্যা বেশ বৃদ্ধি পাচ্ছে। এটি নিয়ে সবার মধ্যে সচেতনতাও বাড়ছে।অনেকেই পড়ালেখা শেষ করে কোনো ধরনের চাকরিতে যোগ না দিয়ে সরাসরি আউটসোর্সিংয়ের কাজ করছেন। তাঁদের মধ্যে কেউ কেউ আবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন। উল্লেখযোগ্য হলো, আগ্রহ থাকা সত্ত্বেও সবাই কিন্তু সফলভাবে ফ্রিল্যান্সার হতে পারছেন না। আগামী বাজেটে ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে একটি উল্লেখযোগ্য বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এসব নতুন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য সহজ শর্তে ঋণ এবং উদ্যোক্তা ইনকিউবেটর চালুর ব্যাপারে ভাবা উচিত। সফটওয়্যার উন্নয়ন ও রপ্তানিতে আয়কর অবকাশের সুবিধা অন্তত আরও পাঁচ বছর বাড়ানো হোক। এতে আউটসোর্সিংয়ের পাশাপাশি ফ্রিল্যান্সাররা দেশি ক্রেতাদের জন্য সফটওয়্যার তৈরিতে উৎসাহী হবে।

গ্রন্থণা: নুরুন্নবীচৌধুরী