তথ্যপ্রযুক্তির জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান
‘আপনারা টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের সমস্যাগুলো আমাকে জানান, আমি অবশ্যই সমাধান করব।’ গতকাল রোববার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে তথ্যপ্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ উত্সাহিত করতে নীতিমালা প্রণয়ন নিয়ে এক সংলাপে এ কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি আরও বলেন, বিটিআরসির প্রায় ৮০ শতাংশ কর্মকর্তা ভালোভাবেই কাজ করে যাচ্ছেন। তবে বিটিআরসিও ধোয়া তুলসীপাতা নয়।
এই সংলাপ সঞ্চালানা করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। দীর্ঘদিন আগে প্রণীত আইসিটি নীতিমালা নতুন করে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
এ সংলাপে তথ্যপ্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে নীতিমালা পুনর্বিন্যাস করার আহ্বান জানানো হয়। এ ছাড়া ইন্টারনেটের খরচ কমানো এবং সারা দেশে একই দামে ইন্টারনেট-সংযোগ কীভাবে দেওয়া যায় সে উপায় বের করাও এর উদ্দেশ্য। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রোকনুজ্জামান, বেসিসের সহসভাপতি সৈয়দ আলমাস কবির ও লার্নিং এশিয়ার আবু সাইয়িদ খান। তাঁরা বলেন, ঢাকার চেয়ে দেশের জেলা ও উপজেলায় ইন্টারনেট-সংযোগ নেওয়া ও ব্যবহারের খরচ বেশি। এ বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। মূল প্রবন্ধে টেলিযোগাযোগ অবকাঠামো ভাগাভাগি করে ব্যবহারের যে সুবিধা ছিল, সেটি আবার চালু করার কথাও বলা হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানান, ঢাকা ও ঢাকার বাইরে ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম একই। তবে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো ঢাকার বাইরে তাদের পরিচালন খরচের কথা বলে ইন্টারনেটের খরচ বাড়িয়ে থাকে।
বেসিসের সভাপতি শামীম আহসান বেশিসংখ্যক ইন্টারনেট সেবাদানের লাইসেন্স দেওয়ার আহ্বান জানান। এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে এবং এর ফলে ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে। সংলাপে বক্তৃতা করেন এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাসান মজুমদার, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদ, বেসিসের পরিচালক এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে। সংলাপে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিতে আইসিটির উন্নয়নে নীতিমালা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ইন্টারনেট অবকাঠামোর উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও আলোচনা করা হয়। — রাহিতুল ইসলাম