তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন ১০০ জন

বাংলাদেশের স্নাতক পর্যায়ের ১০০ জনকে প্রশিক্ষণ দেবে ভারতের তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোসিস। বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই টেক পার্ক প্রকল্পের’ মাধ্যমে আগামী বছর প্রশিক্ষণের জন্য যাবেন তাঁরা।
হাই টেক পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৩ ফেব্রুয়ারি মাসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইনফোসিস টেকনোলজিসের কার্যালয় সফর করেছিল। সে সময় ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সম্মত হয় ইনফোসিস। ভারতের কর্নাটকে ইনফোসিস টেকনোলজিসের ক্যাম্পাসে প্রায় তিন মাস প্রশিক্ষণ নেবেন তাঁরা।
১০০ জনের প্রশিক্ষণ উপলক্ষে ১৫ নভেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ।
হাই টেক পার্ক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) মো. এমদাদুল হক, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই টেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক এ এন এম সফিকুল ইসলাম।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে জাভা প্রোগ্রামিংয়ের ওপর দক্ষ জনবল পাওয়া যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা আইটি/আইটিইএস এবং বিশেষ করে হাই টেক পার্কে কাজ করবেন।
জাভা ল্যাংগুয়েজের ওপর অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণপর্ব আগামী বছরের ১২ জানুয়ারি শুরু হয়ে ২৪ মার্চ শেষ হবে।