তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষা উন্নয়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার প্রণয়নে বিষয়ভিত্তিক জাতীয় সংলাপমালার অংশ হিসেবে ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক খসড়া প্রস্তাবের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকায় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান। অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধুরী খসড়া প্রস্তাবের ওপর আলোচনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উপ-আনুষ্ঠানিক ও প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন ঘটানোর আহ্বান জানান।তিনি বলেন, শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহারও রোধ করতে হবে। শিক্ষাবিষয়ক কৌশলপত্রটি যাতে অবশ্যই শিক্ষানীতির সঙ্গে সমন্বিত হয়, সে বিষয়ে নজর দেওয়ার জন্য নীতিনির্ধারকদের অনুরোধ করেন তিনি। আলোচনায় বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান ফকরুল আহসান। সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রের অগ্রাধিকার চিহ্নিত করে একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের নীতিমালা বিশেষজ্ঞ আনীর চৌধুরী। খসড়া প্রস্তাবনায় সব মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন, শিক্ষকদের দ্বারা ডিজিটাল কনটেন্ট (শিক্ষা উপকরণ) তৈরি, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বাজার-উপযোগী তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, স্বল্পমূল্যে সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, শিক্ষার জন্য আলাদা বেতার এবং টেলিভিশন স্থাপন ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।সব সংলাপ থেকে প্রাপ্ত পরামর্শ এবং সুপারিশের ভিত্তিতে খসড়া কৌশলপত্র চূড়ান্ত করা হবে, যা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। আলোচনায় নীতিনির্ধারক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন। পুরো সংলাপ আয়োজনটি www.digitalbangladesh.gov.bd ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। সংলাপের আয়োজন করে যৌথভাবে প্রধান মন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। —নিজস্ব প্রতিবেদক