তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিমা সেবা চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্রামাঞ্চলে তথ্যপ্রযুক্তিনির্ভর বিমা সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের বাস্তবায়ন হলে খুব সহজে স্থানীয় ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে বিমা সুবিধা পাওয়া যাবে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগ, জীবন বীমা করপোরেশন এবং ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের মধ্যে গতকাল সোমবার ঢাকায় একটি সমঝোতা স্মারক সই হয়েছে। খবর বিজ্ঞপ্তির। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমঝোতা স্মারকে সই করার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জনগণের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে দেশের চার হাজার ৫০১টি ইউনিয়নে চালু হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র। এসব তথ্য ও সেবাকেন্দ্র থেকে গ্রামের মানুষ বিভিন্ন সরকারি ফরম, সরকারি ঘোষণা, জন্ম-মৃত্যু নিবন্ধন, বড় বড় পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইনবিষয়ক তথ্য ছাড়াও ই-মেইল করা, ইন্টারনেট ব্যবহার করা, মোবাইল ফোন রিচার্জ করা, কম্পিউটার কম্পোজ, প্রিন্ট দেওয়া ইত্যাদি সেবা পাচ্ছে। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র টেকসই করা এবং তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ জনপদের মানুষের বিমা সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।সমঝোতা স্মারক অনুযায়ী আগামী এপ্রিল মাস থেকে ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে ২০০টি ইউআইএসসি থেকে জীবন বীমা করপোরেশনের বীমা কার্যক্রম চালু হবে। পর্যায়ক্রমে দেশের সব ইউআইএসসিতে এ সুবিধা চালু করা হবে। জমা করা প্রিমিয়ামের ওপর উদ্যোক্তা দশমিক ২৫ শতাংশ সার্ভিস চার্জ পাবে। স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় যন্ত্রপাতি দেবে এবং এটুআই ইউআইএসসি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করবে। এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান এবং জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিৎ দত্ত চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।